২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় প্যারিসের হামলা

“খুব জোরে গান বাজছিল তখন। হঠাৎই একটা শব্দ শুনে ঘুরে দাঁড়াই। ক্যাপ পরা এক ব্যক্তির ছায়া দেখতে পাই, সে গুলি ছুড়ছিল। সে আমার দিক বরাবর গুলি ছুড়ছিল।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 01:10 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

পুরনো খবর:

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস, জরুরি অবস্থা

বর্ণনাকারী এই তরুণ ছিলেন শুক্রবার সন্ধ্যায় প্যারিসের বাটাক্লঁ কনসার্ট হলে, যেখানে তিন সন্ত্রাসীর গুলিতে অন্তত ৮৭ জন প্রাণ হারান বলে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন।

ওই তরুণ ফরাসি সংবাদ মাধ্যম লিবারেশনকে বলেন, “মানুষজন একে একে মাটিতে পড়ে যেতে থাকল। আমার পাশের জনও মরে গেছে বলে ধারণা করছি। সামনে থাকা বাধা এবং মঞ্চের আশপাশে থাকা অসংখ্য মানুষকে টপকে ঘরের উল্টোদিকে থাকা ইমার্জেন্সি এক্সিট দিয়ে দৌড়ে বের হয়ে আসি আমি।”

নাম না জানা ওই প্রত্যক্ষদর্শী বাটাক্লঁ থেকে বেরিয়ে একটি ক্যাফেতে লুকিয়ে পড়েন।

“এখানে যুদ্ধ চলছে। কিছুক্ষণ আগেও গোলাগুলি হয়েছে,” বলছিলেন তিনি, আর সেকথা সবাই বিশ্বাসও করছিল।

বাটাক্লঁ হলে তখন মার্কিন ব্যান্ড দল ইগলস অব ডেথ মেটালের কনসার্ট চলছিল। ওই সময়ই তিন বন্দুকধারী আক্রমণ চালায়।

Image
যেখানে যেখানে হামলা হয়

যেখানে যেখানে হামলা হয়

এদিন অন্তত পাঁচটি স্থানে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা, যাতে শতাধিক নিহত হন। হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও সন্দেহ করা হচ্ছে মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএসকে।

এক হামলাকারীকে ‘আল্লাহ আল্লাহ’ বলে চিৎকার করতে শুনেছেন বলে বিবিসিকে জানিয়েছেন জনাথন হিল নামে এক ব্রিটিশ। কার্ডিফের এই বাসিন্দা চাকরি সূত্রে রয়েছেন প্যারিসে।

হামলার সময় সিটি হলের ৫০ গজের মধ্যে একটি এটিএম বুথে ছিলেন জনাথন।

“যখন টাকা তুলছিলাম, তখনই তিনটি গুলির শব্দ পাই। যদিও প্রথমে আমি এগুলোকে ‍গুলি বলে মনে করিনি, ভেবেছি রাস্তায় কেউ আতশবাজি ফুটাচ্ছে।”

“একই সময়ে আমি ছয় ফুট ৪/৫ ইঞ্চির এক বিশালদেহী লোককে দেখতে পাই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যে ‘আল্লাহ-আল্লাহ’ বলে চিৎকার করছিল। ৫০ গজ দূর থেকে তাকে ককেসিয়ানদের মতো দেখাচ্ছিলো। সে লোকজনকে ক্যাফে থেকে বের হয়ে এসে বাটাক্লঁ’র ভেতরে ঢুকতে বলছিল।”

Image
কনসার্ট হল থেকে বের করা হচ্ছে আহতদের

কনসার্ট হল থেকে বের করা হচ্ছে আহতদের

“ওই সময়ে আরেকটি গুলির শব্দ শুনি, আর বাইরে থেকে দেখতে পাই বাটাক্লঁ’র ভেতরে একজন পড়ে যাচ্ছে।”

আরেক প্রত্যক্ষদর্শী ফ্রান্স ইনফোকে জানিয়েছেন, বাটাক্লঁ’তে হামলা চালানো বন্দুকধারীরা ‘সেমি-অটোমেটিক অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়’।    

“ওইখানে শুধু রক্ত আর রক্ত। আমরা কোনোমতে জান নিয়ে পালিয়েছি।”

হামলা হয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সের কাছেও। ওই স্টেডিয়ামে তখন খেলা দেখছিলেন সাংবাদিক ভিনসেন্ট।

সংবাদ মাধ্যম লিবারেশনকে তিনি ঘটনার পর মাঠের পরিস্থিতি জানান।

“সবাই নামতে শুরু করে। শেষ বাঁশি বাজার পরপরই সবাই চলতে শুরু করে। কেউ জানে না বাইরে কী হয়েছে।”

খেলা চলার সময়ই হামলাকারীরা দুটি বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানান তিনি।

“খেলার প্রথমার্ধেই দুটো বিস্ফোরণের শব্দ শুনি। কিছুক্ষণ পর আরেকটা শুনি, যদিও পরেরটার আওয়াজ কম ছিল।”

Image
বাইরে বিস্ফোরণের পর স্টেডিয়াম থেকে বেরিয়ে আসছেন দর্শকরা

বাইরে বিস্ফোরণের পর স্টেডিয়াম থেকে বেরিয়ে আসছেন দর্শকরা

মাঠের খেলায় এর প্রভাব না পড়লেও দর্শকরা বেশ বিচলিত হয়ে উঠেছিল বলে জানান ভিনসেন্ট।

“সবাই টুইটারে খোঁজখবর নিচ্ছিল। বিশেষ করে প্রেসিডেন্ট অলন্দকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার পর থেকে, যদিও কেউই তাকে চলে যেতে দেখেনি।”

ওলাঁদের সঙ্গে ওই সময় গ্যালারিতে বসে খেলা দেখছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্যাঙ্ক ভালটার।

বিস্ফোরণের পরপরই পুলিশের হেলিকপ্টারকে স্টেডিয়ামের উপর চক্কর দিতে দেখা যায়। প্রেসিডেন্ট ওলাঁদ দ্রুত চলে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে,সেখানে বসে সব পরিস্থিতি দেখে জরুরি অবস্থার ঘোষণা দেন তিনি।

স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বোমাহামলা হলেও প্যারিসের কেন্দ্রস্থলে একটি এশীয় রেস্তোরাঁর বাইরে হামলা হয় কনসার্ট হলের মতোই আগ্নেয়াস্ত্র দিয়ে।

বেন গ্রান্ট নামে একজন বিবিসিকে বলেন, হামলাকারীরা গাড়ি থেকে গুলি ছোড়ে।

স্ত্রীকে নিয়ে বারে বসেছিলেন তিনি। সেখানেই বন্দুকধারীদের হামলার মুখে পড়েন।

“ওই খানে অনেক মৃতদেহ পড়ে ছিল। এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি বারের পেছনে বসেছিলাম, তাই পুরোটা দেখতে পাইনি।”

“গুলির শব্দ শোনার পরই কয়েকজনকে পড়ে যেতে দেখলাম। নিজেদের বাঁচাতে আমরা টেবিলের নিচে ঢুকে পড়ি,” বলেন গ্রান্ট।

“ঘটনার পরও আমরা অনেকক্ষণ বারে আটকে ছিলাম, কারণ আমাদের সামনে তখন মৃতদেহের স্তূপ।”

Image
হামলার পর রেস্তোরাঁর চিত্র

হামলার পর রেস্তোরাঁর চিত্র

রুয়ে বিশা রেস্তোরাঁয় হামলা চালায় বন্দুকধারীরা। তার কাছাকাছি পেতি ক্যাম্বোজে থাকেন পিয়েরে মন্টফোর্ট। তিনি বলেন, “আমরা ৩০ সেকেন্ড ধরে গুলির শব্দ পাই, এগুলো ছিল নিরবচ্ছিন্ন, যাকে আমরা প্রথমে আতশবাজি ভেবেছিলাম।”

রেস্তোরাঁয় থাকা আরেক প্রত্যক্ষদর্শী বলেন, গুলির পরপরই সবাই মাটিতে শুয়ে পড়ে।

“এক তরুণকে দেখলাম, আহত এক মেয়েকে কোলে নিয়ে বের হওয়ার চেষ্টা করছে। মনে হচ্ছিল, মেয়েটা বেঁচে নেই।”

হামলার পর প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ জরুরি অবস্থা জারি করে সীমান্ত বন্ধের ঘোষণা দেন।

হামলার পর বিশ্বের শীর্ষস্থানীয় পর্যটন নগরীটিতে সব বাসিন্দাদের যার যার ঘরে থাকতে বলা হয়েছে। শহরে দেড় হাজার সৈন্য নামানো হয়েছে, বাতিল হয়েছে পুলিশের ছুটি, হাসপাতালগুলোতে কর্মীদের নিরবচ্ছিন্ন কাজে রাখা হয়েছে।

মেট্রো রেলের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে দূরপাল্লার রেল ও বিমান চলাচল স্বাভাবিক আছে।