২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় পিছিয়ে পড়ছে শ্বেতাঙ্গরা

বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যুক্তরাজ্যে বসতি স্থাপনকারীদের তুলনায় শ্বেতাঙ্গ ব্রিটিশরা উচ্চশিক্ষা গ্রহণে পিছিয়ে পড়ছে বলে একটি সমীক্ষার বরাত দিয়ে জানিয়েছে ডেইলি মেইল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 11:34 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

যুক্তরাজ্যের শীর্ষ পর্যায়ের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নেওয়ার দৌড়েও অন্যরা শ্বেতাঙ্গ তরুণদের পেছনে ফেলছে বলে ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজের (আইএফএস) গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।

“অন্যদের তুলনায় শ্বেতাঙ্গ ব্রিটিশ ছেলে-মেয়েদের শিক্ষাগত অর্জন কমার চিত্র প্রকাশ করেছে এটা,” বলেছে ডেইলি মেইল।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ছেলে-মেয়েদের শ্বেতাঙ্গ ব্রিটিশদের চেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণের হার প্রায় ৪৯ শতাংশ বেশি।

কৃষ্ণাঙ্গ ক্যারিবীয় তরুণদের উচ্চশিক্ষার সুযোগ ৩৭ দশমিক ৪ শতাংশ, পাকিস্তানিদের ৪৪ দশমিক ৭ শতাংশ এবং বাংলাদেশিদের ৪৮ দশমিক ৮ শতাংশ।

শ্বেতাঙ্গ ব্রিটিশদের তুলনায় ভারতীয় তরুণদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ দ্বিগুণের বেশি, তাদের ৬৭ দশমিক ৪ শতাংশ উচ্চশিক্ষায় ঢুকছে।

তালিকার শীর্ষে থাকা চীনা তরুণদের ৭৫ দশমিক ৪ শতাংশ বিশ্ববিদ্যালয়ে যায়।

সবচেয়ে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫২টি নিয়ে কাজ করেছেন গবেষকরা এবং তারা দেখতে পেয়েছেন, সেখানে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে আসা অভিবাসীদের সন্তানরাই শ্বেতাঙ্গ ব্রিটিশ তরুণদের চেয়ে এগিয়ে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে কম সম্পদশালী শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে আটজনের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ে যায়। অন্যদিকে সবচেয়ে দরিদ্র চীনা পরিবারের সন্তানদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার হার এর চেয়ে পাঁচ গুণ বেশি।

উচ্চশিক্ষায় শ্বেতাঙ্গ ব্রিটিশদের অংশগ্রহণের এ তথ্য ‘বিচলিত হওয়ার মতো’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সহকারী অধ্যাপক ড. ক্লেয়ার ক্রাউফোর্ড, যিনি প্রতিবেদনটি তৈরিতে যুক্ত ছিলেন।

“আমরা বিশেষ করে এটা দেখে বিস্মিত হয়েছি যে, কৃষ্ণাঙ্গ ক্যারিবীয়, পাকিস্তানি বা বাংলাদেশি বংশোদ্ভূতদের মতো সংখ্যালঘু গ্রুপ, যাদের মধ্যে স্কুলে যাওয়ার হার তুলনামূলক কম গড়পড়তায় শ্বেতাঙ্গ ব্রিটিশদের চেয়ে তারাই বেশি উচ্চশিক্ষায় যাচ্ছেন।”

স্কুলে কারা কেমন করছে তা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার জন্য অশ্বেতাঙ্গ পরিবারগুলো বেশি কষ্ট স্বীকার করতে পারে বলে এতে বলা হয়েছে।