মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের পাহারা দেবে কুমির!
মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য একটি দ্বীপে বন্দিশিবির গড়ে তুলে তা কুমির দিয়ে পাহারা দেওয়ার প্রস্তাব দিয়েছেন ইন্দোনেশিয়ার মাদকবিরোধী সংস্থার প্রধান বুদি ওয়াসেসো।
বিবিসি বলছে, কুমিরকে ঘুষ দেওয়া যায় না বলে তারা মানুষের চেয়ে ভালো রক্ষী বলে যুক্তি দিয়েছেন তিনি।
সবচেয়ে আক্রমণাত্মক কুমিরগুলোকে খুঁজে বের করতে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপ পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন ওয়াসেসো।
বিশ্বের অন্যতম কঠোর মাদক আইনের দেশ ইন্দোনেশিয়ায় চার বছর মৃত্যুদণ্ড বন্ধ রাখার পর ২০১৩ সাল থেকে ফের চালু হয়েছে।
স্থানীয় সংবাদ ওয়েবসাইট টেম্পোতে ওয়াসেসো বলেছেন, “ওই দ্বীপে যতগুলো কুমির রাখা সম্ভব, ততোগুলোই রাখবো আমরা।
“কেউ তাদের ঘুষ দিতে পারবে না। বন্দিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কেউ তাদের প্রভাবিত করতে পারবে না।”
তবে পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষ এই কারাগারটির জন্য স্থান নির্বাচন ও কবে নাগাদ এটি চালু করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
