জর্ডানে দুই মার্কিনি, এক দক্ষিণ আফ্রিকান হত্যা
জর্ডানে আম্মানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে দুই আমেরিকান ও এক দক্ষিণ আফ্রিকান প্রশিক্ষককে গুলি করে হত্যা করেছেন এক পুলিশ।
সরকারের মুখপাত্র মোহাম্মদ মোমানি বলেছেন, হামলাকারীর গুলিতে আরো দুই মার্কিনি এবং চার জর্ডানি আহত হন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।
জর্ডানের কয়েকটি নিরাপত্তাসূত্র এর আগে বলেছিল, বন্দুকধারী আত্মহত্যা করেছেন।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত জর্ডানের ওই আন্তর্জাতিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে (জেআইপিটিসি) মূলত ফিলিস্তিন ও ইরাকি কর্মকর্তারা রয়েছেন।
জর্ডানি পুলিশ প্রশিক্ষকদের সহায়তা করার জন্য আম্মানের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে ময়াক্কার কেন্দ্রে পাঠানো হয় আমেরিকান কর্মকর্তাদের। নিহত তিনজনই আল ময়াক্কার এলাকার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক বলে জানান মোমানি।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার দূতাবাস এখনও ঘটনাটির ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
