মালদ্বীপের ওয়ান্টেড কিশোরকে ফেরত পাঠাল শ্রীলঙ্কা
মালদ্বীপের প্রেসিডেন্টের স্পিডবোটে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন এবং তদন্ত কাজের জন্য ‘ওয়ান্টেড’ কিশোরকে ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা জানান, সোমবার ১৮ বছর বয়সী ওই কিশোরকে মালদ্বীপে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি তারা।
শ্রীলঙ্কার অভিবাসন কার্যালয়ের মুখপাত্র লক্ষণ জয়সা রয়টার্সকে বলেন, "মালদ্বীপের হাই কমিশনের অনুরোধে আমাদের (ইমিগ্রেশনের) একটি তদন্তদল মালদ্বীপের ওই কিশোরকে গ্রেপ্তার করে এবং তার ভিসা বাতিল করে আজ (সোমবার) তাকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।"
"ওই কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয় এবং মালদ্বীপে গ্রেপ্তার হওয়া ভাইস প্রেসিডেন্টের নিবেদিতপ্রাণ এক ভক্ত।"
সৌদি আরবে হজ পালন শেষে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরে বিমানবন্দর থেকে একটি স্পিডবোটে রাজধানী মালেতে যাওয়ার পথে প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে বহনকারী বোটে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে ইয়ামিন আহত না হলেও তার স্ত্রী এবং অন্য আরও দুই ব্যক্তি সামান্য আহত হন।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেসটিগেশনের (এফবিআই) পক্ষ থেকে বলা হয়, বোমার কারণেই মালদ্বীপের প্রেসিডেন্টকে বহনকারী স্পিডবোটে বিস্ফোরণ হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ তারা খুঁজে পায়নি।
বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত মাসে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেপ্তার করা হয়। প্রমাণ নষ্ট করার অভিযোগে আর দুই সেনাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনার জেরে অক্টোবরের মাঝামাঝির দিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মুসা আলি জলিলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কারণে ওই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছিল মালদ্বীপ কর্তৃপক্ষ। কিন্তু পরে তারা জানায়, প্রেসিডেন্টকে হত্যা করতে ওই বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। শ্রীলঙ্কা থেকে ফেরত পাঠানো কিশোর তাদের একজন। শনিবার মালদ্বীপ পুলিশ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে।
