ভূমিকম্প থেকে রক্ষা পেতে হাই হিল নিষিদ্ধ
ভূমিকম্পের সময় দ্রুত দৌঁড়ানো যাবে না- এই যুক্তিতে ইতালির মধ্যাঞ্চলীয় এলাকার একটি হাইস্কুলে হাই হিল নিষিদ্ধ করা হয়েছে।
বিবিসি বলছে, হাই হিল দ্রুত দৌঁড়াতে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করছে অ্যাভিজ্জানোর ওই স্কুল কর্তৃপক্ষ।
অ্যাভিজ্জানো শহরটি ভূমিকম্পপ্রবণ লা’কুইলা প্রদেশে অবস্থিত।
স্কুলের নতুন এই নিয়মটি স্কুলটির শিক্ষার্থী ও কর্মী সবার জন্যই প্রযোজ্য হবে। নিয়ম অনুযায়ী চার সেন্টিমিটারের বেশি উচ্চতার হিল নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি তলা-সমান উঁচু হিল ও স্পঞ্জের স্যান্ডেলও নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ধরনের জুতা পড়ার পর আঘাত পাওয়া তথ্য পর্যালোচনা করে স্কুল পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
স্কুলটির প্রধান শিক্ষক অ্যানা আমানজি জানিয়েছেন, কোনো নৈতিক বিষয় বিবেচনায় নয়, গুরুতর বাস্তব প্রয়োজন থেকেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকায় নিজেকে রক্ষা করার শিক্ষা দেয়ার উদ্দেশ্যও এ সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।
তবে স্কুলের অনেকের কাছে এই নিয়মকে বাড়াবাড়ি বলে মনে হয়েছে।
স্কুলের একজন শিক্ষক বলেন, “আমি কখনোই হিল পায়ে স্কুলে আসি না, কিন্তু এই নিয়মটিকে আমার বাড়াবাড়ি বলেই মনে হয়েছে।”
স্কুলের একজন শিক্ষার্থী মনে করেন, এসব নিয়ে মেতে থাকার চেয়ে স্কুল কর্তৃপক্ষের আরো গুরুত্বপূর্ণ বিষয়ে মনযোগ দেয়া উচিত ছিল। উদাহরণ হিসেবে তিনি স্কুলের হিটিং ব্যবস্থা উন্নয়নের কথা বলেছেন।
২০০৯ সালে এই এলাকায় এক ভয়াবহ ভূমিকম্পে ৩০৯ জন নিহত ও ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
