২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় ১২ নিরাপত্তা সদস্য নিহত

কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় বোয়াকা প্রদেশে দেশটির দ্বিতীয় বৃহত্তম বিদ্রোহী গোষ্ঠী ইএলএন-এর হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Oct 2015, 12:53 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

প্রদেশটির আঞ্চলিক নির্বাচনে দেয়া ভোট পরিবহনের সময় সোমবার নিরাপত্তা বাহিনী উপর হামলাটি চালানো হয় বলে জানিয়েছে কলম্বিয়া সরকার।

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিজেগাস জানান, উয়া নৃগোষ্ঠী অধ্যুষিত পার্বত্য গুইকান পৌরসভা এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) । 

বিস্ফোরক ব্যবহার করে হামলা শুরুর পর গুলি চালানো হয় বলে জানান তিনি।  

রোববার বোয়াকা প্রদেশের গভর্নর ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই নির্বাচনে দেয়া ভোট পরিবহন করছিলেন। 

ভিজেগাস জানান, হামলায় ১১ সেনা ও এক পুলিশ কর্মকর্তা নিহত ও তিন সেনা আহত হয়েছেন।  

এছাড়া দুই সেনা, টহল পুলিশের এক সদস্য, দুই নির্বাচনী কর্মকর্তা এবং উয়া নৃগোষ্ঠীর এক সদস্য নিখোঁজ রয়েছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। 

কলম্বিয়ার সবচেয়ে আলোচিত বিদ্রোহী গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) । তিন বছর ধরে গোষ্ঠীটি কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে আসছে।