বোমা হামলা বন্ধ করুন: রাশিয়াকে সিরীয় বিদ্রোহীরা
সহযোগিতার বিষয়ে আলোচনার আগে রাশিয়াকে সিরিয়ায় বিমান হামলা বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি জোট সংশ্লিষ্ট বিদ্রোহী দলগুলো।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সাহায্য করতে ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে বিমান হামলা শুরু করে রাশিয়া।
শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, "রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ার স্বদেশপ্রেমী বিরোধীদের সাহায্য করতে প্রস্তুত আছে।"
এ প্রস্তাবের জবাবে ফ্রি সিরিয়ান আর্মির হয়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুদ্ধে লিপ্ত দল সাউদার্ন ফ্রন্টের
মুখপাত্র ইসাম আল-রাইয়েস সোমবার বিবিসি’কে বলেছেন, "আমরা ওই প্রস্তাব এখনও ফিরিয়ে দেইনি। আমরা শুধু বলেছি, যদি রাশিয়া নিজেদের প্রস্তাবকে সত্যিই গুরুত্বের সঙ্গে নেয়, তবে তাদের উচিৎ হবে দ্রুত আমাদের ঘাঁটি ও বেসামরিক এলাকায় বিমান হামলা বন্ধ করা।"
"এখন আমাদের তাদের সাহায্য প্রয়োজন নেই, তাদের উচিৎ আমাদের ঘাঁটিতে হামলা চালানো বন্ধ করা। তাহলেই কেবলমাত্র পরবর্তী সহযোগিতার বিষয়ে আমরা আলোচনা করতে পারব।"
সিরিয়ায় অবস্থিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপর বিমান হামলা চালানোর কথা বললেও রাশিয়া মূলত দেশটির আসাদ বিরোধীদের উপর হামলা চালাচ্ছে।
সাউদার্ন ফ্রন্ট সিরিয়ার জর্ডান ও ইসরায়েল সীমান্তে যুদ্ধ করছে। দলটি এখনও রাশিয়ার বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়নি। রাশিয়া এখনও সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে।
