তালেবান হত্যার নির্দেশ দিয়ে শান্তি আলোচনা নয়: নওয়াজ
তালেবান গোষ্ঠীকে শান্তি আলোচনায় আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি হত্যা করার নির্দেশ দেওয়া অব্যাহত রাখলে তাদের আলোচনার টেবিলে বসানো যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেছেন নওয়াজ।
বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে, পাকিস্তানের ভিতরে নিরাপদ আস্তানা গড়ে তোলা তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলোকে নির্মূলে পাকিস্তানকে জানানো যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রতি ইঙ্গিত করেই তিনি এমন মন্তব্য করেছেন।
ভাষণে তিনি বলেছেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে তিনি জানিয়েছেন স্থবির হয়ে পড়া আফগান শান্তি আলোচনা পুনরুজ্জীবনে সহয়তা করতে পাকিস্তান প্রস্তুত।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পরদিন নওয়াজ ওয়াশিংটনের একটি ‘চিন্তাবিদ’ গোষ্ঠীর আয়োজিত সম্মেলনে বক্তৃতা দেন।
আফগানিস্তানে সহিংসতায় ইন্ধন দেওয়াতে পাকিস্তানের কোনো স্বার্থ নেই বলে ভাষণে তিনি দাবি করেন।
বৃহস্পতিবার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী নওয়াজ আফগান শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে তালেবান নেতাদের আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান।
জুলাইয়ে আফগান সরকারের সঙ্গে তালেবান গোষ্ঠীর সরাসরি আলোচনার একটি প্রচেষ্টা ইসলামাবাদের উদ্যোগে পাকিস্তানে শুরু হলেও পরে তা স্থবির হয়ে পড়ে।
