২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে পরমাণু উত্তেজনা না বাড়ানোর আহ্বান

পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে টান টান উত্তেজনার এ সময়ে ঝুঁকি ও অস্থিতিশীলতা আর না বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানকে পরমাণু অস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 05:44 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

হোয়াইট হাউজে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠককালে ওবামা আফগান তালেবানদেরকে শান্তি আলোচনায় ফিরিয়ে আনার জন্যও শরীফের সহায়তাও কামনা করেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার ওবামার প্রচেষ্টায় এ শান্তি আলোচনা গুরুত্বপূর্ণ।

ভারত-পাকিস্তানের মধ্যে অনেক বেশি উত্তেজনার মধ্যে পাকিস্তানের নতুন পারমাণবিক অস্ত্র, বিশেষত ক্ষুদ্র কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরির ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। ফলে পাকিস্তানকে এ ব্যাপারে এককভাবে সংযত থাকার ঘোষণা দিতে রাজি করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

তবে পাকিস্তান এরই মধ্যে জানিয়ে দিয়েছে, পরমাণু অস্ত্র কর্মসূচিতে কোনো বিধিনিষেধ তারা মানবে না। তাছাড়া, ক্ষুদ্র কৌশলগত পরমাণু অস্ত্র ভারতের আকস্মিক হামলা থেকে আত্মরক্ষার জন্য প্রয়োজন বলেও যুক্তি দিয়েছে পাকিস্তান।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ওবামা দেশটিকে এমন কোনো উন্নয়ন থেকে বিরত থাকার ওপর জোর দিয়েছেন যা পারমাণবিক নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা কিংবা স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

যৌথ এক বিবৃতিতে দুই নেতাই বলেছেন, সব পক্ষেরই সংযম নিয়ে কাজ করার পাশপাশি দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা উচিত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, শরীফ এবং ওবামা দুইজনই আফগান শান্তি প্রক্রিয়ায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং তালেবান নেতাদেরকে কাবুলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। জুলাইয়ে প্রাথমিক আলোচনার পর যা থমকে গেছে।