তিন বছরের শিশুর হাতে গাড়ির নিয়ন্ত্রণ!
‘টলতে থাকা পিকআপ গাড়ি’কে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে হইচই ফেলে দিয়েছে তিন বছরের এক শিশু।
মদ্যপ মা গাড়ি থেকে নেমে যাওয়ার পর ওই শিশু সিটের উপর দাঁড়িয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নেয় বলে স্থানীয় পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে।
গাড়িটি পরে রাস্তার পাশের উঁচু ঢালে আঘাত হেনে স্থির হয়ে যায়।
বুধবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের দক্ষিণপশ্চিমের শহর আডা’য় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই তালোয়া ফস্টার নামে ৩৩ বছর বয়সী মা’কে গ্রেপ্তার করে পুলিশ। তারা পিকআপ থেকে একটি খালি মদের বোতলও উদ্ধার করে বলে নিউইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে।
গাড়িতে ফস্টারের আরও এক ছেলে ছিল জানিয়ে বিবিসি লিখেছে, ওই ছেলের সিট বেল্ট বাঁধতে গিয়ে গাড়ি থেকে পড়ে যান বলে আত্মপক্ষ সমর্থনে জানিয়েছেন ফস্টার।
পড়ে যাওয়ার পর তিনি গাড়ির পেছন পেছন দৌঁড়েছেন বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন নিউইয়র্ক ডেইলি নিউজকে জানিয়েছে।
পরে ফস্টারের বিরুদ্ধে ‘শিশুদের বিপন্ন’ করার অভিযোগ এনে তাকে জামিন দেয়া হয়।
‘যমজ’ দুই ছেলেকে তাদের দাদার জিম্মায় দেয়া হয়েছে জানিয়ে বিবিসি বলেছে, বাচ্চাদুটো সুস্থ রয়েছে।
