২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আইএস বন্দিশালা থেকে ৭০ জনকে উদ্ধার

উত্তর ইরাকের হাউয়িজা শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) বন্দিশিবিরে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইরাকের যৌথবাহিনী ৭০ জনকে উদ্ধার করেছে, যাদের ‘হত্যার পরিকল্পনা’ করেছিল জঙ্গিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 11:00 AM

Updated : 25 Apr 2022, 02:02 PM

বৃহস্পতিবার ভোরে চালানো এই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন বলে পেন্টাগনের বরাতে বিবিসি জানিয়েছে।

বিবিসি লিখেছে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র আইএসবিরোধী অভিযান শুরুর পর এই প্রথম কোনো মার্কিন সেনা নিহত হলেন। কুর্দি অধ্যুষিত ওই এলাকা ২০১৪ সালের অগাস্টে নিয়ন্ত্রণে নেয় আইএস।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেন, ‘জিম্মিদের পরদিন সকালে হত্যা করা হবে’ এমন খবরে কুর্দি প্রাদেশিক সরকারের অনুরোধে তারা এ অভিযানে যায়।

উদ্ধার বন্দিদের মধ্যে কয়েকজন সাবেক আইএস সদস্যও রয়েছে, যাদের ‘শত্রুপক্ষের চর’ সন্দেহে আটকে রাখা হয়েছিল। বাকিরা স্থানীয় নাগরিক ও ইরাকি বাহিনীর সদস্য।

তাদের মধ্যে কোনো কুর্দিকে পাওয়া যায়নি বলে ইরাক-যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী জানিয়েছে।

অভিযানে ইসলামিক স্টেটের কয়েকডজন সদস্যও নিহত হয়েছেন। তাদের ছয় সদস্যকে আটক করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী এক বছরের বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের বিভিন্ন অবস্থানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে।

এরই মধ্যে সেনা পাঠিয়ে বৃহস্পতিবারের এই অভিযানকে ‘আকস্মিক পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত’ বলেছেন পেন্টাগনের মুখপাত্র কুক।

তিনি বলছেন, যুক্তরাষ্ট্র এখনো আইএসবিরোধী যুদ্ধের কৌশল পরিবর্তনের কথা ভাবছে না।

আইএস এক বিবৃতিতে এ অভিযানের কথা ও তাদের যোদ্ধাদের মৃত্যুর কথা স্বীকার করে নিলেও ‘যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ’ হয়েছে বলে দাবি করেছে।