২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে স্কুলে তরবারি হামলায় দুইজন নিহত

সুইডেনে একটি স্কুলে মুখোশ পরা এক ব্যক্তি তরবারি নিয়ে ভবনে প্রবেশ করে হামলা চালিয়ে এক শিক্ষক ও ছাত্রকে হত্যা করেছে। মারাত্মকভাবে আহত হয়েছে আরও দুইজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 08:14 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

পশ্চিমাঞ্চলীয় ট্রলহাটন শহরের ক্রোনান স্কুলে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। হামলাকারীকে গুলি করেছে পুলিশ। স্থানীয় একটি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছে বিবিসি।

হামলার ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীদের চিৎকার-চেঁচামেচি ও হুড়োহুড়িতে স্কুলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০ টা ১০ এর দিকে স্কুলের ক্যাফে এলাকা থেকে হামলার ঘটনা সম্পর্কে জরুরি ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আহত এক শিক্ষক ঘটনাস্থলেই মারা যান। ১১ ও ১৫ বছর বয়সের দুই ছাত্র ও আরেকজন শিক্ষককে দ্রুত হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় একজন ছাত্র।

হামলাকারীর বয়স ২০ এর কোঠায়। সে কালো পোশাকে মুখোশ পরে হাতে লম্বা তরবারি নিয়ে এসেছিল। তার কাছে ছোরার মত আরো অস্ত্র ছিল বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র। হামলাকারীর উদ্দেশ্য কি তা জানা যায়নি।

সুইডেনে স্কুলে হামলার ঘটনা খুবই বিরল। ১৯৬১ সালে গোথেনবার্গের কাছের একটি এলাকার এক স্কুলে গুলির ঘটনায় একজন নিহত এবং ৬ জন আহত হয়েছিল। এরপর ফের স্কুলে হামলার ঘটনা এটিই প্রথম।