যুক্তরাষ্ট্রে ঈদের ছুটি চেয়ে আবেদনে লক্ষাধিক মানুষের সায়
যুক্তরাষ্ট্রের সব জায়গায় দুই ঈদে সরকারি ছুটি চেয়ে একটি আবেদন করা হয়েছে, যাতে এক লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
‘মেইক ঈদ-মুসলিম হলিডে-পাবলিক হলিডে অ্যাক্রোস দ্য ইউনাইটেড স্টেটস’ শিরোনামে গত ৩০ সেপ্টেম্বর অনলাইনে এই আবেদনপত্র তুলে দিয়ে তাতে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের সমর্থন চাওয়া হয়।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই আবেদনপত্রে সম্মতি স্বাক্ষরকারীর সংখ্যা এক লাখ পেরিয়ে যায়।
নিয়ম অনুযায়ী এক মাস সময়ের মধ্যে কোনো আবেদনে লাখের বেশি নাগরিক সম্মতি দিলে তা বিবেচনায় নেয় হোয়াইট হাউজ।
এই আবেদনপত্র এখন পর্যালোচনার পর কংগ্রেসের সংশ্লিষ্ট নীতি-নির্ধারকের কাছে পাঠানোর কথা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি শহরের পাবলিক স্কুলগুলোতে গত কয়েকবছর ধরে দুই ঈদে দুই দিনের সাধারণ ছুটি দেওয়া হচ্ছে।
দেশটিতে এক কোটির মত মুসলমান রয়েছে, যা মোট জনসংখ্যার ৩০ ভাগের এক ভাগ।
