যুক্তরাষ্ট্র-রাশিয়াকে তুরস্কের হুঁশিয়ারি
কুর্দি মিলিশিয়াদেরকে সমর্থন দেয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে হুঁশিয়ার করেছে তুরস্ক।
তুরস্কের উত্তর-পশ্চিম সিরিয়া সীমান্তে কুর্দি মিলিশিয়াদের অগ্রযাত্রা কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন দুই তুর্কি কর্মকর্তা।
সিরিয়ার কুর্দি মিলিশিয়া বাহিনীর ইউফ্রেতিস পেরিয়ে ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে ভূমধ্যসাগরীয় উপকূলের দিকে তুরস্ক সীমান্ত বরাবর এলাকার নিয়ন্ত্রণ নেয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দিয়ে একজন কর্মকর্তা বলেছেন, “আমাদের কথা এ ব্যাপারে খুবই স্পষ্ট। এখানে কোনো কৌতুক করা হচ্ছে না।”
তুরস্ক তাদের দীর্ঘ সিরিয়া সীমান্তে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের অগ্রযাত্রা নিয়ে শঙ্কিত। এ মিলিশিয়া বাহিনী তাদের রাজনৈতিক শাখা পিওয়াইডি’ এর সমর্থন নিয়ে এগুচ্ছে।
সীমান্ত এলাকায় কুর্দিরা শক্তিশালী অবস্থানে চলে গেলে সেখানকার কুর্দিদের মধ্যে আবারো বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দেবে বলে শঙ্কিত তুরস্ক।
কিন্তু ইসলামিক স্টেটের (আইএস)বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওয়াইপিজি কুর্দি বাহিনীকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
তুরস্কের এক কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, “পিওয়াইডি দিন দিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুপক্ষেরই ঘনিষ্ঠ হয়ে উঠছে। আমরা পিওয়াইডি কে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবেই দেখি। আমরা চাই সব দেশই এ বাহিনীকে তাদের সহযোগিতা করার পরিণতি ভেবে দেখুক।”
