২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি সেনাদের গাড়িবহর লক্ষ্য করে একটি আত্মঘাতী গাড়িবোমা চালানো হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2015, 12:49 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

রোববার সকালের ব্যস্ত সময়ে জোই শির আবাসিক এলাকায় হামলাটি চালানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।

হামলার দায়িত্ব স্বীকার করে এতে বেশ কিছু বিদেশি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান।

অগাস্টে বেশ কয়েকটি ধারাবাহিক হামলার পর বেশ কিছুদিন বিরতি দিয়ে ফের আফগান রাজধানীর কেন্দ্রস্থলে হামলা চালাল বিদ্রোহীরা।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে একটি সাঁজোয়া যানকে একপাশে কাৎ হয়ে পরে থাকতে ও আফগান নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থল ঘিরে রাখতে দেখা গেছে। 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র নাজিব দানিশ বলেন, “শহরের ব্যস্ত এলাকায় বিদেশি বাহিনীর গাড়িবহরের বিরুদ্ধে আত্মঘাতী হামলাটি চালানো হয়, এতে অনেকে হতাহত হয়েছেন।”

তবে বিদেশি কোনো সেনা নিহত বা আহত হয়েছেন কিনা তা পরিষ্কার করে জানাননি তিনি।

কাবুলে মোতায়েন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট তাদের একটি বহরে বোমা হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে।

তবে ‘তাৎক্ষণিকভাবে’ হতাহতের বিষয়ে কোনো প্রতিবেদন পাননি বলে জানিয়েছেন মুখপাত্র কর্নেল ব্রায়ান ট্রিবাস।  

কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত করতে লড়াই করছে তালেবান বিদ্রোহীরা। কোনো হামলার দায় স্বীকারের পর হতাহতের পরিমাণ বাড়িয়ে বলার প্রবণতা আছে গোষ্ঠীটির।

গত কিছুদিন ধরে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে তালেবান বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে, এরই মধ্যে রাজধানীতে হামলাটি চালানো হল। গত মাসের শেষ দিকে কিছু সময়ের জন্য কুন্দুজ দখল করে নিয়েছিল বিদ্রোহী গোষ্ঠীটি।