শিশু যৌন-নিপীড়ন ঈশ্বরকেও কাঁদায়: পোপ
যুক্তরাষ্ট্র সফরকালে শিশু যৌন অপব্যবহারের শিকার একটি দলের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে প্রার্থনায় শামিল হয়েছেন পোপ ফ্রান্সিস। তাদের এ দুঃখে ‘ঈশ্বরও কাঁদে’ বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার ক্যাথলিক যাজকদের কাছে শিশুকালে যৌন নিপীড়নের শিকার ৫ জনের সঙ্গে দেখা করে পোপ এ অপরাধে জড়িত সবার জবাবদিহিতা করার অঙ্গীকার করেন।
যুক্তরাষ্ট্রের রোমান ক্যাথলিক চার্চে শিশু যৌন কেলেঙ্কারির একাধিক ঘটনা ঘটেছে। ফিলাডেলফিয়ায় যাজকদের শিশু যৌন কেলেঙ্কারির ঘটনা চাউর হয়েছে সবচেয়ে বেশি।
পোপ রোমে যৌন নিপীড়নের শিকার হওয়াদের সঙ্গে এর আগে দেখা করলেও এবার বিদেশ সফরকালে এই প্রথম নিপীড়িতদের সঙ্গে দেখা করলেন। যুক্তরাষ্ট্রে তার ছয়দিনের সফরের শেষ দিন রোববার সকালে পেনসিলভানিয়ার এক সেমিনারিতে ওই পাঁচজনের সঙ্গে দেখা করেন।
এ দলের তিনজন নারী এবং দুইজন পুরুষ। তারা ছোটসময় চার্চের যাজক, পরিবারের সদস্য এমনকি শিক্ষকের কাছে যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে এক বিবৃতিতে জানান ফাদার ফেডেরিকো লোম্বার্ডি।
ভ্যাটিকানের শিশু যৌন নিপীড়নের অভিযোগ সামাল দেয়ার বিষয়টি নিয়ে এ ধরনের ঘটনার শিকার অনেকেই ক্ষুব্ধ।
তাই পোপ এবার যুক্তরাষ্ট্র সফরকালে যৌন অপব্যাহারের শিকার হওয়াদেরকে নতুন করে ন্যায়বিচার দেয়ার অঙ্গীকার করেন। দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং চার্চ এবং সমাজেও এ অপরাধ কার্যকরভাবে প্রতিহত করারও আশ্বাস দেন।
