২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিদ্রোহীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অবৈধ: পুতিন

যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের যে সমর্থন দিচ্ছে তা অবৈধ এবং অকার্যকর বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 10:22 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের আগে দিয়ে ইউএস নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ওয়াশিংটন সিরীয় বিদ্রোহীদেরকে প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে। কিন্তু ওইসব বিদ্রোহী এক পর্যায়ে ওয়াশিংটনের সরবরাহ করা অস্ত্রসহই ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়।

যুক্তরাষ্ট্রের সিবিএস ও পিবিএস টিভি নেটওয়ার্কে এ সাক্ষাৎকারে পুতিন আরো বলেন, “আমার মতে অবৈধ কোনো সংগঠনকে সামরিক সমর্থন দেয়া আধুনিক আন্তর্জাতিক আইনের নীতিমালা এবং জাতিসংঘ সনদের সঙ্গে সাংঘর্ষিক।”

“আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করে যাওয়ার কারণে আন্তর্জাতিক সমর্থন তার প্রাপ্য।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামার সঙ্গে সোমবারই বৈঠকের কথা রয়েছে পুতিনের।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে পুতিন বর্তমানে নিউ ইয়র্কে আছেন। সোমবারের বৈঠকে দু’নেতা ঠিক কি বিষয় নিয়ে আলোচনা করবেন সে ব্যাপারে হোয়াইট হাউজ বা ক্রেমলিনের মধ্যে এখনো মতভেদ রয়েছে।

সিরিয়ায় চার বছর ধরে গৃহযুদ্ধ চলছে। সম্প্রতি রাশিয়ার সেনাবাহিনী দেশটির যুদ্ধে হস্তক্ষেপ শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, মস্কো সিরিয়ার সেনাবাহিনীকে সাহায্য করার জন্য সেখানে জঙ্গি বিমান, ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক যন্ত্রপাতি পাঠাচ্ছে।