সিরীয় শরণার্থীদের সাহায্যের প্রতিশ্রুতি ইইউ’র
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের জন্য নতুন করে একশ কোটি ইউরো অর্থ সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
জাতিসংঘের ত্রাণ তহবিলে এই অর্থ দেয়া হবে। ব্রাসেলসে ইইউ’র জরুরি বৈঠকে বুধবার এ প্রতিশ্রুতি দেয়া হয়।
চার বছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় লাখ লাখ মানুষ দেশত্যাগ করতে বাধ্য হচ্ছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সিরিয়া থেকে হাজার হাজার শরণার্থী ইউরোপে আশ্রয় প্রার্থনা করছে। অনেকে এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে। পথিমধ্যে রয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি শরণার্থী।
ইউরোপমুখী এ শরণার্থীর ঢল সামাল দিতেই অর্থ সাহায্য দেয়ার এই উদ্যোগ নিয়েছে ইইউ। বিবিসি’র খবরে বলা হয়, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকে ভবিষ্যতে আরো অর্থ সাহায্য দেয়া হবে।
সেইসঙ্গে ইইউ’র বাইরের সীমান্তে আরো কড়াকড়ি আরোপের বিষয়েও একমত হয়েছেন নেতারা।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক সতর্ক করে দিয়ে বলেন, “শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের বড় অংশ এখনো এসে পৌঁছায়নি।”
“আমাদের দরজা ও জানালা খোলার কৌশল সংশোধন করা প্রয়োজন।”
এবছর এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ শরণার্থী ইউরোপে পৌঁছেছে। শরণার্থীদের এই ঢল নিয়ে গভীর সঙ্কটে পড়েছে ইইউ ভূক্ত দেশগুলো।
মঙ্গলবার জনসংখ্যা, অর্থনীতি ও আবেদনের ভিত্তিতে একলাখ ২০ হাজার শরণার্থীকে ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার বিতর্কিত কোটা পরিকল্পনা ইইউ মন্ত্রিসভায় পাস হয়।
যদিও এই কোটার তীব্র বিরোধিতা করেছে রুমানিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়াসহ ইউরোপের কয়েকটি দেশ।
স্লোভাকিয়া এর বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে।
