পালমিরায় আইএসের অবস্থানে সিরীয় বিমান হামলায় নিহত ২৬
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখল করে নেওয়া প্রাচীন সিরীয় শহর পালমিরায় জঙ্গিগোষ্ঠীটির অবস্থান লক্ষ করে বিমান হামলা চালিয়েছে সিরীয় সামরিক বাহিনী।
শুক্রবার সেখানে ২৫ দফা বিমান হামলা চালানো হয় বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাতে জানিয়েছে বিবিসি।
এসব হামলায় ১২ জঙ্গিসহ অন্ততপক্ষে ২৬ জন নিহত হন বলে জানিয়েছে অবজারভেটরি।
মে মাসে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পালমিরা দখল করে নেয় আইএস।
এছাড়া ইদলিব শহরে সিরীয় বাহিনীর আরো কয়েকটি বিমান হামলায় আরো ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি।
এর একদিন আগে বৃহস্পতিবার আইএসের দাবিকৃত রাজধানী রাক্কায়ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে সিরীয় সামরিক বাহিনী।
এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার বাহিনীগুলো মিত্র রাশিয়ার সরবরাহ করা আকাশ ও ভূমিতে ব্যবহারযোগ্য নতুন ধরনের ‘অত্যন্ত নিখুঁত’ অস্ত্র ব্যবহার শুরু করেছে।
এর আগে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা সিরিয়ার সঙ্কট নিয়ে এক বছরেরও বেশি সময় পর টেলিফোনে কথা বলেছেন।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ তার বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কাছে ভূমি হারানোর পরিপ্রেক্ষিতে মিত্র রাশিয়া সিরিয়ায় সামরিক উপস্থিতি গড়ে তুলছে।
