২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধের অনুমতি পেল জাপানি সেনারা

বিক্ষোভ আর আন্দোলনকে উপেক্ষা করে জাপানের সংসদের উচ্চকক্ষে বিতর্কিত সামরিক আইন ‘নিরাপত্তা বিল’ চুড়ান্তভাবে পাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 07:17 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

এর মধ্যে দিয়ে ৭০ বছর পর জাপানি সেনাদের বিদেশেও যুদ্ধে অংশগ্রহণে আর কোন বাধা থাকল না।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় রাজধানী টোকিওয় অবস্থিত জাপানি পার্লামেন্টের উচ্চকক্ষের ‘ হাউজ অব কাউন্সিলররা’ এই বিল পাশ করায়।

এর আগে গত ১৬ জুলাই বিলটি জাতীয় সংসদের নিম্নকক্ষে পাশ করা হয়েছিল। এরপর চলতি মাসের ২৭ তারিখে সংসদ মুলতবি ঘোষণার আগেই নিরাপত্তা বিল পাশের কথা ছিল। রকার পক্ষ থেকে শুক্রবার বিলটি নিয়ে সংসদে আলোচনার কথা থাকলেও তার একদিন আগেই তা অনুমতি পেল।

অন্যদিকে, বুধবার থেকে বিক্ষোভ করে আসা কয়েক হাজার মানুষ রাতেই সংসদের আশেপাশে অবস্থান করে। বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে দেশটির নাগরিকরা বির্তকিত এ নিরাপত্তা বিল বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে। সব কিছুকে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে কাউন্সিলররা বিকালে বিলটি পাশ করায়। এই সময় বিরোধীদল ও সরকারদলীয় সাংসদদের মধ্যে তুমুল হট্টোগোল দেখা দেয়। সংসদের ভিতরেই ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

বিল পাশের খবরের পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ৯ টা) জাপানের জাতীয় সংসদের পাশে হাজার হাজার সাধারন মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সংসদের ‘হাউজ অব কাউন্সিল’ চেয়ারম্যান ইয়োশিটাডা কনোকেই নেতৃত্বে ‘নিরাপত্তা বিল নিয়ে শুনানি শুরু হয়। এসময় প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) সদস্যরা বিলটির প্রতি অনাস্থা জ্ঞাপন করে।

পরবর্তীতে দুপুর ১ টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক (এলডিপি) সহ সমমনা অন্য ছোট তিনটি দল নিরাপত্তা বিলের পক্ষ ভোট দেয়।

এসময় বিরোধীদলীয় আইনপ্রণেতারা এতে বাধা সৃষ্টি করলে ক্ষমতাসীনরা ক্ষিপ্ত হয়ে শুনানি বন্ধ করে দেয়। পরবর্তীতে হাউজ অব কাউন্সিল কমিটির অন্যান্য সদস্যরা শিনজো আবের নিরাপত্তা বিলে পূর্ণাঙ্গ আস্থা জ্ঞাপন করে তা পাশের দাবি তোলে।

তুমুল আলোচনা আর বির্তকের পর বিকেল সাড়ে ৪ টার দিকে ‘নিরাপত্তা বিল’ পাশের ঘোষণার পর পরই সরকারদলীয় ও বিরোধদলীয় সদস্যরা সংসদের ভিতরে হৈ চৈ শুরু করে। রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের এক ভিডিওতে বিরোধীদলের সদস্যরাদেরকে হট্টগোল করতে দেখা যায়। এ সময় প্রধানমন্ত্রী শিনজো আবে বিমর্ষ অবস্থায় পাশে বসে ছিলেন। এক পর্যায়ে ধাক্কা ধাক্কির ঘটনাও ঘটে।

অন্যদিকে, বিলটি বাতিলের দাবিতে হাজার হাজার মানুষ বৃষ্টি উপেক্ষা করে সংসদের আশেপাশে ছাতা মাথায় বিক্ষোভ করে। তারা বিলটি বাতিলের দাবি জানায়।

চলতি বছর ১৬ জুলাই পাশকৃত ছয় ধারার এ নিরাপত্তা বিলে বলা হয়েছে, দেশের জনগণের নিরাপত্তা বিধানের জন্য সেনারা প্রয়োজনে সীমান্ত পেরিয়ে শত্রু মোকাবেলা করবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করবে। প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্রের সেনারা জাপানি সেনাদের প্রশিক্ষণ দেয়াসহ স্থল-জলপথ ব্যবহার করবে’।

বিশ্লেষকরা বলেছেন, জাপানের এ সমরনীতি মূলত এশিয়ায় একক আধিপত্য বিস্তারের কৌশলমাত্র। কোরিয়া, চীন ও ভারতকে দমিয়ে এ অঞ্চলে অর্থনীতির মোড়ল হয়ে থাকতে চায় তারা।

তবে সরকার বলছে, সারা বিশ্বে জঙ্গিবাদের উত্থান ও প্রতিবেশী কয়েকটি দেশের বৈরী আচরণ জাপানের নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে। আর এজন্য সংবিধানে এ পরিবর্তন আনা সময়োপযোগী।

কেন এই নিরাপত্তা বিল?

চলতি বছরের জানুয়ারিতে ইসলামিক স্টেটের (আইএস) হাতে জাপানি দুই সাংবাদিক খুন হওয়ার পর দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন প্রধানমন্ত্রী শিনজো আবে। অন্যদিকে, জাপানের সঙ্গে কোরিয়া ও চীন বিভিন্নভাবে অসহযোগিতামূলক আচরণ করতে থাকে। চীনও জাপান সাগরে মাঝে মধ্যে যুদ্ধজাহাজ পাঠিয়ে  হুমকি দেয়ার চেষ্টা করে।

এরপর  যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেন শিনজো আবে। সেখানে মূলত সমরনীতি নিয়ে আলোচনা হয় বলে সেই সময় গণমাধ্যমের খবরে বলা হয়। এরপর জুলাই মাসে শিনজো আবে সরকার জনসমক্ষে নিরাপত্তা বিলের ধারণাটি নিয়ে আসেন।

জাপানের ক্ষমতাসীন কোয়ালিশন দেশটির জাতীয় নিরাপত্তা আইন সংশোধন করে নিতে খসড়া বিলগুলোর পক্ষে সায় দেয়। এই বিল আইনে পরিণত হলে সম্মিলিত আত্মরক্ষা চর্চার সময় জাপান আত্মরক্ষা তথা সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করতে পারবে বলে প্রচার চালানো হয়।

এর মধ্যে ১৬  জুলাই সংসদের নিম্নকক্ষে ‘নিরাপত্তা বিল’ টি পাশ হয়ে যায়। এরপর চীন এবং রাশিয়াও বিতর্কিত দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করে। গত মাসে রাশিয়ার প্রধানমন্ত্রী মেদভেদেভ  দ্বীপটিতে সফরে যাওয়ার পর উত্তজেনা আরো তীব্র হয়।