চিলিতে ভূমিকম্পে নিহত ৮
চিলির উপকূলীয় এলাকার সাগরে ৮ দশমিক ৩ মাত্রার প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন হওয়ার কথা জানিয়েছে সরকার।
এর আগের খবরে চিলি সরকার ৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ বুরগোস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ককুইম্বো বন্দর সবচয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর এটিই সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সময় বুধবারের এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল সান্তিয়াগোর ২৩২ কিলোমিটার দক্ষিণপশ্চিমে সাগরে। ভূমিকম্পে চিলির রাজধানী সান্তিয়াগোর ভবনগুলো প্রবল ঝাঁকুনি খেয়েছে।
প্রাথমিক খবরে একজন নিহত হওয়ার কথা জানা গেছে। সুনামির আশঙ্কায় চিলি সরকার উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরেযাওয়ার আহ্বান জানায়। বৃহস্পতিবার চিলিসহ পেরু ও ফ্রেঞ্চ পলিনেশিয়ায় জারি করা সুনামি সতর্কতা তুলে নেয়া হয়।
আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
সান্তিয়াগো থেকে ২১০ কিলোমিটার দূরের ইল্লাপেল শহর থেকে ভূমিকম্পটির উপকেন্দ্র মাত্র ৪৬ কিলোমিটার দূরে। রেডিওর এক সম্প্রচারে শহরটির মেয়র জানিয়েছেন, এখানে দেয়াল চাপা পড়ে ২৬ বছর বয়সী এক নারী নিহত ও অপর ১৫ জন আহতহয়েছেন।
মেয়র আরো জানিয়েছেন, ভূমিকম্পে শহরটির বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোকজন তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। ভূমিকম্পে শহরটির বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। শহরটির বাসিন্দারা পানি ও বিদ্যুৎহীনঅবস্থায় রয়েছেন।
ভূমিকম্পটির এতই শক্তিশালী ছিল যে এর কম্পন দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে শুরু হয়ে পূর্ব উপকূলে অবস্থিত আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস পর্যন্ত অনুভূত হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তি চিলির উপকূলীয় শহর ভ্যালপারাইসো থেকে ১০৫ কিলোমিটার উত্তরে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৯ বলে জানিয়েছিল,পরে সংশোধন করে ৮ দশমিক ৩ বলে জানায়।
ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির ঢেউ চিলির উপকূলে আঘাত হানা শুরু করেছে। উপকূলীয় শহরগুলোর রাস্তা পানিতে তলিয়ে যেতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। পেরুতে ৩ ফুট (এক মিটার) ও ফ্রেঞ্চ পলেনেশিয়া ও চিলির উপকূলীয় এলাকার কোথাওকোথাও ১০ ফুট (তিন মিটার) উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়।
বৃহস্পতিবার হাওয়াইয়ের স্থানীয় সময় ভোর ৩টা ৬-এর দিকে তিন ফুট (এক মিটার) উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছিল।
প্রথম ভূমিকম্পের পরবর্তী এক ঘন্টার মধ্যে ৬ দশমিক এক মাত্রার চেয়েও শক্তিশালী আরো তিনটি পরাঘাত ওই এলাকায় আঘাত করেছে এবং ছোট ছোট ভূমিকম্প অব্যাহত আছে বলে জানিয়েছে ইউএসজিএস।
