২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার ‘যুদ্ধাপরাধ’ বিচারে বিশেষ আদালত চায় জাতিসংঘ

গৃহযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধাপরাধের বিচারে শ্রীলঙ্কাকে বিশেষ আদালত স্থাপনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 11:23 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

দীর্ঘ ২৬ বছর ধরে শ্রীলঙ্কার সেনাবাহিনী ও তামিল টাইগার গেরিলাদের (এলটিটিই)মধ্যে যুদ্ধ হয়। ২০০৯ সালে ওই যুদ্ধের অবসান হয়।

যুদ্ধে অন্তত এক লাখ মানুষ নিহত হয়। তবে শেষ কয়েক মাসে ঠিক কত বেসামরিক নাগরিক (বিশেষ করে তামিল) যুদ্ধের বলি হয়েছে কোনো হিসাবই নেই। অনেকে এখনো নিখোঁজের তালিকায় রয়ে গেছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের শেষ পাঁচ মাসে শ্রীলঙ্কা সেনাবাহিনীর অভিযানে ৪০ হাজার তামিল প্রাণ হারিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে উভয়পক্ষই মানবাধিকার লঙ্ঘন করেছে। বিশেষ করে ২০০৯ সালে যুদ্ধের শেষ ভাগে।

ওই প্রতিবেদনে বিশেষ আদালতের বিচারক ও তদন্তকারী বিদেশ থেকে নিয়োগ দেয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

জেনেভায় প্রতিবেদন প্রকাশ করার সময় মানবাধিকার পরিষদের প্রধান জেইদ রাদ আল হুসাইন বলেন, আন্তর্জাতিক বিচারক ও তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ আদালতেই কেবলমাত্র নিরপেক্ষ বিচার সম্ভব।

আর এ কারণেই শ্রীলঙ্কায় আন্তর্জাতিক বিচারক ও তদন্তকারীদের সমন্বয়ে একটি বিশেষ আদালত তৈরির কথা বলা হয় প্রতিবেদনে।

যদিও শ্রীলঙ্কা সরকার এ ধরনের কোনো ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা নাকচ করেছে।

সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সরকারও এ বিষয়ে আন্তর্জাতিক চাপকে অগ্রাহ্য করেছিল।

এ সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কার নতুন সরকার যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে একটি বাস্তবসম্মত এবং সমন্বিত কমিশন গঠনের পরিকল্পনা প্রকাশ করেছে।

মার্চে জাতিসংঘের এই প্রতিবেদনটি প্রকাশ করার কথা থাকলেও জানুয়ারিতে দেশটির প্রভাবশালী নেতা মাহিন্দা রাজাপাকসে নির্বাচনে হেরে গেলে তা স্থগিত করা হয়।

নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা (যিনি গৃহযুদ্ধের শেষ দিকে মন্ত্রী ছিলেন) নির্বাচনে জয়লাভ করার পর জাতিসংঘকে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।