‘সন্ত্রাসীদেরকে’ পশ্চিমা মদদের কারণেই শরণার্থী সঙ্কট: আসাদ
সিরিয়ায় গৃহযুদ্ধের শুরু থেকেই পশ্চিমা দেশগুলো সিরিয়ার ‘সন্ত্রাসীদের’ সমর্থন ও সহযোগিতা করার কারণেই ইউরোপে শরণার্থী সঙ্কট সৃষ্টি হয়েছে বলে দোষারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
চার বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার হাজার হাজার মানুষ দেশত্যাগ করতে বাধ্য হয়। সম্প্রতি সিরিয়ার এসব শরণার্থী আশ্রয়ের খোঁজে দলে দলে ইউরোপ অভিমুখে যাত্রা শুরু করেছে।
শরণার্থীর এ ঢল সামলাতে প্রায় দুই দশক ধরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে চলা সীমান্তবিহীন ভ্রমণ নীতিতে পরিবর্তন এসেছে। দেশগুলো সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করার পাশপাশি কঠোর সীমান্ত আইনও প্রণয়ন করেছে।
ইউরোপে শরণার্থী সঙ্কট শুরু হওয়ার পর এই প্রথম জনসম্মুখে কানো মন্তব্য করলেন আসাদ।
আসাদ বরাবরই সরকারবিরোধী বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আসছে। যু্ক্তরাষ্ট্র ও আরো কয়েকটি ইউরোপীয় দেশ এই সিরীয় বিদ্রোহীদেরকে সামরিক সাজ-সরঞ্জাম ও প্রশিক্ষণ সহায়তা দিয়েছে।
সিরিয়া সরকারের দমনাভিযানের কারণে সেদেশের নাগরিকরা পালিয়ে ইউরোপে চলে যাচ্ছে- এ দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করে বুধবার রাশিয়ার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে আসাদ বলেন, ইউরোপকে আরো শরণার্থী দেখতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সৌদি আরবসহ পশ্চিমা দেশগুলো চায় আসাদ ক্ষমতাচ্যুত হোক। একারণে তারা আসাদ বিরোধী দলগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে।
আসাদের অভিযোগ, সিরিয়ায় বিদ্রোহী বড় দলগুলোর মধ্যে অন্তত দুইটি (ইসলামিক স্টেট ও আল-কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট) গড়ে উঠার পেছনে তুরস্কের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও তুরস্ক এই অভিযোগ অস্বীকার করেছে।
আর পশ্চিমা দেশগুলোর ধারণা যুদ্ধে আসাদ বাহিনীর কার্যক্রম আইএস ও নুসরা ফ্রন্টের মত চরমপন্থি দলগুলোকে সিরিয়ায় বিস্তার লাভ করতে সাহায্য করেছে।
সাক্ষাৎকারে আসাদ বলেন, “যতদিন পর্যন্ত তারা এই গুজব বিশ্বাস করবে ততদিন তাদের শরণার্থীদের ঢল সামলাতে হবে।”
“যদি শরণার্থীদের ঢল নিয়ে চিন্তিত হন তবে সন্ত্রাসীদের সমর্থন দেয়া বন্ধ করুন।”
