২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তি যখন বই পাঠ!

ইরানের একজন বিচারক জেল-জরিমানার পরিবর্তে অপরাধীদের বাধ্যতামূলকভাবে বই ক্রয় ও পড়ার শাস্তি দিচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 04:50 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

বিবিসি বলছে, ওই বিচারকের আদালতে আসা অপরাধীদের বাধ্যতামূলকভাবে পাঁচটি করে বই কিনতে হবে।

তবে শুধুমাত্র বই ক্রয় ও পাঠের শাস্তি দিয়েই তিনি ক্ষান্ত হচ্ছেন না। সত্যিকার অর্থেই বইগুলো পঠিত হচ্ছে কিনা তার প্রমাণ স্বরূপ বইগুলো সম্পর্কে সীমিত পরিসরে লিখে তা জমা দেওয়ারও বিধান করেছেন তিনি।

অপরাধীদের তাদের লেখায় হাদিস থেকে শিক্ষণীয় বাণীগুলোর উল্লেখ করতে হবে। বইগুলো পঠিত হওয়ার পর সেগুলো কারাগারে দানও করতে হবে।

বিচারক কাশেম নাকিজাদেহ বলেন, কারাদণ্ডের কারণে মানসিক ও শারীরিক প্রভাব  ব্যক্তি ও তার পরিবারের উপর পড়ে। আর এ থেকে মুক্ত হওয়া সহজ নয়।

তবে সব ধরনের অপরাধীদের জন্য এই শাস্তি প্রযোজ্য নয়। প্রথমবারের মতো অপরাধ, লগু অপরাধ ও কম বয়েসী অপরাধীদের ক্ষেত্রে তিনি এই সাজা প্রযোজ্য করেছেন।

নাকিজাদেহ জানিয়েছেন, সরলভাষার ও বিজ্ঞানভিত্তিক বই ক্রয়ে অপরাধীদের উৎসাহ দেওয়া হয়।

তিনি আরো বলেন, কারাগারে দান করা বই অনেক উপকারে আসে। কেননা, এর মাধ্যমে কারাবন্দিরা তাদের শিক্ষাস্তর ও জ্ঞানের পরিধি বাড়াতে পারবেন। আর বইপাঠে উৎসাহিত হলে বন্দিরা দাঙ্গা-ফ্যাসাদে কম জড়াবেন।