আরো শরণার্থী নেয়ার চাপের মুখে অস্ট্রেলিয়া
আরো বেশি শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য চাপের মুখে আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার চেয়ে বেশি সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়া হবে বলে জানিয়েছেন। তবে দ্রুত সেই সংখ্যা খুব বেশি বাড়াতে চান না অ্যাবোট।
সিরিয়া থেকে পালিয়ে আসা প্রায় সাড়ে চার হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালে প্রায় ১,৩৭৫০ জন শরণার্থীকে আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যাবোট।
যদিও অ্যাবোটের দলের সদস্যরা এবং বেশ কয়েকটি রাজ্যের গভর্ণররা শরণার্থীদের জন্য আরো বেশি কিছু করার আহ্বান জানিয়েছেন।
উপ অর্থমন্ত্রী জোশ ফ্রিডেনবার্গ সোমবার সিরীয় ও ইরাকি আশ্রয়প্রার্থীদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করার আহ্বান জানান।
তিনি বলেন, সমাধানের খুব ভালো উপায় হল, সিরীয় ও ইরাকিদের অস্ট্রেলিয়ায় আশ্রয় দেয়া এবং যখন তাদের দেশ তাদের জন্য নিরাপদ হবে তখন তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া।
সোমবার অস্ট্রেলিয়ার প্রধান বিরোধী দলও মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়া ও ইরাক থেকে আগত বাড়তি ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছে।
বিরোধী লেবার নেতা বিল শর্টেন বলেন, শরণার্থীদের সাহায্যে সরকারের আরো বাড়তি ১০ কোটি অস্ট্রেলিয়ান ডলার ব্যয় করা উচিত।
অস্ট্রেলিয়া প্রায়ই সমুদ্র পাড়ি দিয়ে সেখানে আশ্রয় নিতে যাওয়া শরণার্থীদের নৌকা ফিরিয়ে দেয়। এটি বন্ধ করে বরং শরণার্থীদের জন্য আর বেশি কিছু করা উচিত বলে মনে করেন নিউ সাউথ ওয়েলসের গভর্নর মাইক বার্ড।
অ্যাবোটের ঘনিষ্ঠ মিত্রদের একজন বার্ড বলেন, “দারুণ হবে যদি পরিবারের সঙ্গে নৌকায় করে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টার সময় শিশুদের সমুদ্রে ডুবে মারা যাওয়ার দৃশ্য আর দেখতে না হয়।”
“কিন্তু নৌকা প্রবেশ আটকে এটা শেষ করা যাবে না। আমার বিশ্বাস আমাদের এর চেয়ে বেশি কিছু করা উচিত এবং এটি আমাদের এখনই করা উচিত।”
অভিবাসন প্রত্যাশীরা নৌপথে অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে প্রবেশ করলে তাদের আটক করা হয় এবং অন্য কোথাও পাঠিয়ে দেয়া হয়।
গণমাধ্যম এ প্রক্রিয়াকে ‘নিষ্ঠুর’ বলে বর্ণনা করেছে।
