২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএলও থেকে সরে দাঁড়ালেন আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস  ‘প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও) প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Aug 2015, 10:46 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

শনিবার রাতে আল-অ্যারাবিয়া নিউজ চ্যানেলের খবরে বলা হয়, আব্বাসের সঙ্গে পিএলও’র ১৮ সদস্যের নির্বাহী কমিটির অর্ধেক সদস্যও পদত্যাগ করেছেন।

তবে পিএলও থেকে সরলেও আব্বাস এখনো প্রেসিডেন্ট পদে বহাল আছেন। তিনি কি কারণে পদত্যাগ করেছেন তা এখনো জানা যায়নি। তবে এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, পিএলও’র নতুন অভ্যন্তরীন নির্বাচন দেয়ার পট প্রস্তুত করতেই তার এ পদত্যাগ।

মাহমুদ আব্বাসের স্থলাভিষিক্ত হবেন পিএলও’র প্রধান আলোচক ও রাজনীতিবিদ সায়েব এরাকাত। ইসরায়েলের একটি পত্রিকা আগেই আব্বাসের পদত্যাগ নিয়ে জল্পনার খবর ছেপেছিল।

পিএলও’র নতুন নির্বাহী কমিটি নির্বাচনের জন্য ‘প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কাউন্সিল’ এক মাসের মধ্যে নির্বাচন ডেকেছে।

এ সপ্তাহের শুরুর দিকে ফিলিস্তিনি কয়েকটি সূত্রও পিএলও’র নির্বাহী কমিটির সদস্যরাসহ আব্বাসের পিএলও প্রধানের পদ ছাড়ার আগাম খবর দিয়েছিল।

সে সময় আব্বাসের পদত্যাগের খবরকে ‘রাজনৈতিক অস্থিতিশীলতা’ ও ‘দলাদলির’ আভাস বলে আখ্যা দেয়া হয় ‘টাইমস অব ইসরায়েল’ এর প্রতিবেদনে।

২০০৫ সালে রামাল্লাহ ভিত্তিক ফিলিস্তিন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আব্বাস। এর এক বছর পর তিনি পিএলও প্রধান হন।

আগে বেশ কয়েকবারই আব্বাস পিএলও’র প্রধানের পদ থেকে সরে দাঁড়ানো এবং ফিলিস্তি কর্তৃপক্ষ ভেঙে দেয়া হুমকি দিয়েছেন।

তার পদত্যাগ ‘আইনী শূন্যতা’ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা ওয়াসেল আবু ইউসুফ।

পিএলও’র নির্বাহী কমিটিই ফিলিস্তিনিদের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ কমিটি। ফিলিস্তিনের বিভিন্ন সমস্যা নিয়ে আন্তর্জাতিক মহলে এবং ইসরায়েলের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেয় পিএলও।