ফিলিপিন্সে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯
ফিলিপিন্সের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় গনির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে নয় জন হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
ঘূর্ণিঝড়টি বর্তমানে ফিলিপাইনের সবচেয়ে উত্তরের প্রদেশ বাতানেসে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয় সোমবার নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে।
এদিকে বেনগুয়েৎ প্রদেশের পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসে আরও পাঁচ জনে মারা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বেনগুয়েতের গভর্নর নেস্তর ফংওয়ান এক রেডিও সাক্ষাৎকারে বলেন, “আজ (শনিবার) ভোরে নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়েছে। এখন পর্যন্ত আমরা পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছি।”
এরআগে বেসামরিক প্রতিরক্ষা ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, ভূমিধসে তিনজন ও পানিতে ডুবে একজন মারা গেছে।
ঘূর্ণিঝড় সংশ্লিষ্ট ঘটনায় আরো তিনজন আহত ও একজন নিখোঁজ রয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের স্থানীয় পরিচালক নরমা তালোসিগ জানিয়েছেন, বাতানেস ও কাগাইয়ান প্রদেশের ঘূর্ণিঝড় কবলিত এলাকা থেকে চারশরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া ভূমিধসের আশঙ্কা থাকায় পার্বত্য কোর্ডিলেরা অঞ্চল থেকে আরও তিনশরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের নির্বাহী পরিচালক আলেকজান্ডার পামা জানিয়েছেন, গনির প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতে দেশটির উত্তরাঞ্চলের নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটছে।
উত্তরাঞ্চলীয় লুজন প্রদেশের বিস্তৃত এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং সমুদ্রে ও আকাশপথে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। উপকূলের মাছ ধরার নৌকাগুলোকে সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
