২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে হামলার সন্দেহভাজনের জন্য তিনগুণ পুরস্কার ঘোষণা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনকে ধরতে তার সম্পর্কে তথ্যদাতার জন্য পুরস্কারের অর্থ বাড়িয়ে তিনগুণ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 08:49 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

পুলিশের মুখপাত্র জানান, সিসিটিভি ফুটেজে সনাক্ত করা হলুদ টি-শার্ট পরা ব্যক্তিকে ধরিয়ে দেয়ার জন্য নতুন করে ৮৫ হাজার মার্কিন ডলার (৩০ লাখ বাথ) পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর আগে তাকে ধরিয়ে দেয়ার জন্য ২৮ হাজার (১০ লাখ বাথ) মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

থাই সরকারের পক্ষ থেকে বলা হয়, তদন্তে উন্নতি হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

সোমবার ব্যাংককের এরাওয়ান মন্দিরে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৪ জন বিদেশি পর্যটক। মন্দিরটি ব্যাংককে পর্যটকদের অন্যতম আকর্ষণ।

বিস্ফোরণের আগের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন কয়েকজনকে সনাক্ত করা হয়।

বিবিসি’র খবরে বলা হয়, হামলায় অন্তত ১০ জন জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। তারা অন্তত এক মাস ধরে এই হামলার প্রস্তুতি নিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

ওদিকে, বৃহস্পতিবার সন্দেহভাজনদের মধ্যে দুইজন পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিজেদের ট্যুর গাইড হিসেবে দাবি করে।

সিসিটিভি ফুটেজে হলুদ টি-শার্ট পরা এক ব্যক্তিকে বসে পড়ে পিঠে বহন করা একটি ব্যাগ ঘটনাস্থলে ফেলে রেখে মন্দির ছেড়ে চলে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকেই প্রধান হামলাকারী বলে সন্দেহ করছে পুলিশ। সে এখনো থাইল্যান্ডেই আছে বলে পুলিশের ধারণা।

বিস্ফোরণের ঘটনায় কোন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত নয় বলে ধারণা করছে থাই সরকার।

থাই পুলিশ প্রাধান সমিয়ত পামপানমুয়াং সাংবাদিকদের বলেন, “আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকার বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। আমাদের ধারণা, এ ঘটনায় আন্তর্জাতিক সন্ত্রাসীদের কোনো যোগসাজশ নেই।”