২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে বোমায় নিহত ১৬

থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে হিন্দুদের একটি উপাসনালয়ের কাছে মোটরসাইকেলে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন বিদেশি পর্যটকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Aug 2015, 07:32 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

প্রাথমিক খবরে কয়েকটি গণমাধ্যমে নিহতের সংখ্যা ২৭ বলা হলেও পরে জাতীয় পুলিশ প্রধান সোমোয়ত পুমপানমুয়াং সাংবাদিকদের কাছে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ব্যাংককে অনেক বাঙালি থাকলেও হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ নেই বলে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

একটি উদ্ধারকারী সংস্থা আহতের সংখ্যা ৮১ উল্লেখ করেছে। আহতদের বেশিরভাগই চীন ও তাইওয়ানের বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।

শিদলোম এলাকার এরাওয়ান মন্দিরে সোমবার এ হামলা হয়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

পর্যটন এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুইজন চীন এবং একজন ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

দেশের অর্থনীতি এবং পর্যটন শিল্প ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে, বলছে সরকার। কারণ, হামলাটি হয়েছে পর্যটন এলাকার প্রাণকেন্দ্রে, বলেন থাই প্রতিরক্ষামন্ত্রী প্রাউইত ওংসুওয়ান।

থাই কর্তৃপক্ষ এর আগের খবরে দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরণের আশঙ্কায় সেটি খুঁজে দেখা হচ্ছে বলে জানায়। কিন্তু পরে আর কোনো বিস্ফোরক খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

হামলার পর কর্তৃপক্ষ নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে।

ব্যাংককের কেন্দ্রস্থলে এরওয়ান মন্দিরটি খুবই সুপরিচিত। একটি পাঁচতারা হোটেলের পাশেই এর অবস্থান। বিস্ফোরণে উপাসনালয়টির আশেপাশের লোকজন হতাহত হয়েছে। প্রধান সড়কে জ্বলে যাওয়া মটরসাইকেল দেখতে পাওয়া গেছে।

মন্দিরটি হিন্দু দেবতা ব্রম্মার হলেও প্রতিদিনই সেখানে যায় হাজার হাজার বৌদ্ধ। মন্দিরটির কাছে বড় তিনটি শপিং সেন্টারও আছে।

ব্যাংককে বোমা হামলার ঘটনা খুবই বিরল, বলছেন বিবিসি সংবাদদাতারা। থাইল্যান্ডে মুসলিম বিদ্রোহী তৎপরতা থাকলেও সেটি মূলত দক্ষিণাঞ্চলেই সীমাবদ্ধ। অন্যান্য স্থানে হামলা প্রায় হয় না বললেই চলে।

তবে ব্যাংককে প্রায় এক দশক ধরে কখনো কখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার ঘটনা ঘটে আসছে। কয়েকমাসের সরকার-বিরোধী আন্দোলনের পর নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হয়ে দেশ শাসন করছে সামরিক বাহিনী।

বিলাসবহুল হোটেল, শপিং সেন্টার এবং বিভিন্ন কার্যালয়ের কাছে অবস্থিত এরাওয়ান মন্দিরটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। বিশেষ করে পূর্ব এশিয়ার দর্শণার্থীরা এ মন্দিরে ভিড় জমায়। থাই জনসাধারণও সেখানে উপাসনা করতে যায়।