মাও সেতুংকে অবমাননা, সাজার মুখে চীনা টিভি উপস্থাপক
চীনের প্রতিষ্ঠাতা প্রয়াত মাও সেতুং-কে নিয়ে উপহাস করে ‘কঠোর সাজার’ মুখে পড়েছেন দেশটির জনপ্রিয় টিভি উপস্থাপক বাই ফুজিয়ান। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিওতে ফুজিয়ানকে ব্যক্তিগত এক ভোজসভায় মাও সে তুংকে নিয়ে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করা এবং কড়া ভাষায় অপমানজনক মন্তব্য করতে দেখা গেছে। ভিডিওটি এপ্রিলে অনলাইনে পোস্ট হয়।
এ ঘটনার পর ব্যাপক বিতর্কের মুখে তার টিভি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করা হয়।
তবে ‘পিপলস ডেইলি’ পত্রিকা জানিয়েছে, ফুজিয়ানের নিয়োগকারী প্রতিষ্ঠান সিসিটিভি’কে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।
বাই ফুজিয়ান সিসিটিভি’র বার্ষিক জনপ্রিয় ‘নিউ ইয়ার ভ্যারাইটি শো’ এর জন্য বিশেষভাবে পরিচিত। তাছাড়া, ‘স্টার বলিভার্ড ট্যালেন্ট শো’র উপস্থাপক হিসাবেও চীনে তার সুখ্যাতি আছে।
চীনের সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব দেয়া এবং ভয়াবহ দুর্ভিক্ষে বহু মানুষের মৃত্যুকে কেন্দ্র করে নেতা মাও সেতুংকে নিয়ে অনেক বিতর্ক থাকলেও এখনো তিনি চীনের যথেষ্ট সম্মানীয় ব্যক্তি।
তাই তাকে নিয়ে ফুজিয়ানের ব্যঙ্গাত্মক গানের ভিডিও প্রকাশ পাওয়ার পরপরই ওঠে সমালোচনার ঝড়।
বাই ফুজিয়ান অবশ্য এজন্য ক্ষমাও চেয়েছেন। বলেছেন, একজন তারকা হিসেব তার শিক্ষা হওয়া উচিত এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শেখা উচিত।
এ পরিস্থিতিতে ফুজিয়ানের সাজা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন নাগরিকরা। কেউ কেউ বলেছেন, তার বাকস্বাধীনতার অধিকার আছে এবং তিনি এটি করতে পারেন।
আবার অনেকেই বলছেন, তিনি ভুল করেছেন। ফলে তার শাস্তি হওয়া উচিত।
