নাগাসাকিতে এটম বোমা নিক্ষেপের ৭০ বছর স্মরণ
জাপানের নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্রের এটম বোমা নিক্ষেপের ৭০ বছর পালন করছে শহরটির বাসিন্দারা।
রোববার বিশ্ব ইতিহাসের অন্যতম শোকের এ দিনটি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে, এরপর আয়োজিত শোকানুষ্ঠানে নাগাসাকির মেয়র ও জাপানের প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন, বিবিসি জানিয়েছে।
জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২ মিনিটে বোমাটি নিক্ষেপের মূহুর্তটিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নাগাসাকির মেয়র তোমিহিসা তাউয়ে একটি শান্তি ঘোষণা পাঠ করেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী অ্যাবে বলেন, “নিউক্লিয়ার অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার চাপ সৃষ্টিতে জাপান দৃঢ় প্রতিজ্ঞ।”
নাগাসাকির এই স্মরণানুষ্ঠানে জাপানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্যারোলাইন কেনেডি উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নাগাসাকির যে গির্জাটির উপর এটম বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল, ধ্বংস হওয়ার পর পুনর্নির্মিত সেই গির্জাটিতে নিহতদের স্মরণে একটি প্রার্থনা সভা হয়।
এটম বোমা হামলার পর বিধ্বস্ত নাগাসাকি শহর
দ্বিতীয় এই বোমাটি জাপানের কোকুরা শহরে নিক্ষেপের সিদ্ধান্ত ছিল যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের, কিন্তু কোকুরার আকাশ মেঘে ঢাকা থাকায় দ্বিতীয় লক্ষস্থল নাগাসাকিতে বোমাটি ফেলা হয়।
বোমা বিস্ফোরণের প্রভাব ছিল তাৎক্ষণিক এবং খুবই ধ্বংসাত্মক। বিস্ফোরণের প্রথম ধাক্কায়ই শহরটির চার-তৃতীয়াংশ ধ্বংসস্তূপে পরিণত হয়, হাজার হাজার মানুষ নিহত হয়। পরবর্তীতে তেজস্ক্রিয়তার প্রভাবে আরো হাজার হাজার মানুষের মৃত্যু হয়।
এই হামলার কয়েকদিনের মধ্যেই জাপানের নিঃশর্ত আত্মসমর্পণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়। তবে যুদ্ধ শেষ করতে এই দুটি এটম বোমা নিক্ষেপের প্রয়োজন ছিল কিনা তা নিয়ে সৃষ্ট বিতর্ক এখনও অব্যাহত আছে।
