২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে মসজিদে বোমা হামলায় নিহত ১৫

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবহা শহরের স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরে একটি মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2015, 08:12 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বৃহস্পতিবার একথা জানিয়েছে।

মন্ত্রণালয় এর আগে নিহতের সংখ্যা ১৩ বলে জানিয়েছিল। তবে পরে আরো দুইজন আহতের মারা যাওয়ার খবর জানিয়েছে।

আবহায় রাষ্ট্রীয় নিরাপত্তা ইউনিট ‘স্পেশাল এমার্জেন্সি ফোর্স’ এর স্থানীয় সদরদপ্তরের এ মসজিদটিতে হামলায় নিহতদের ১২ জনই এ বাহিনীর সদস্য আর তিনজন ওই কম্পাউন্ডের কর্মী বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। হামলার সময় তারা নামাজ পড়ছিল। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

এর আগে গত মে মাসে সৌদি আরবের শিয়া মসজিদে দুটো আত্মঘাতী বোমা হামলা হয়। এ হামলার দায় স্বীকার করে আইএস।

কাতিফের একটি মসজিদে প্রথম বোমা হামলায় ২১ মুসল্লি নিহত হয়। এর এক সপ্তাহ পর দাম্মামের একটি মসজিদে বোমা হামলায় নিহত হয় আরো ৪ জন।

এছাড়া, কুয়েতে একটি মসজিদে জুন মাসে আরেকটি আত্মঘাতী হামলায় ২৭ জন নিহত হয়। আইএস এ হামলার দায় স্বীকার করে।