২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান পরমাণু চুক্তি যুদ্ধের উপর কূটনীতির বিজয়: ওবামা 

ইরানের সঙ্গে পরমাণু বিষয়ক চুক্তি যুদ্ধের উপর কূটনীতির বিজয়।এই চুক্তি বাতিল করা হলে তা যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে দেবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।  

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2015, 04:41 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের বিরোধীদলের একটি কট্টরপন্থি অংশ ও ইসরায়েলের চেষ্টার মুখে বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ইহুদি নেতাদের উপস্থিতিতে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন তিনি।   

স্নায়ুযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও রোনাল্ড রিগ্যানের শান্তি উদ্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবামা বলেন, কংগ্রেস চুক্তিটি আটকে দিলে তা তেহরানকে পরমাণু বোমার তৈরির বিষয়টি উস্কে দেবে এবং তাতে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।  
  
ওবামা বলেন, “কঠিন একটি কূটনীতিক সমাধান যা সারা বিশ্ব সমর্থন করেছে তা আমরা বাতিল করলে সামরিক পদক্ষেপের বিকল্পগুলোকে নস্যাৎ করে দেওয়া হবে।”

তিনি আরো বলেন, “খোলাখুলি বললে, চূড়ান্তভাবে কূটনীতি অথবা যুদ্ধ, এ দুটির মধ্যে একটি বেছে নেওয়ার মুখোমুখি হব আমরা। হয়তো আগামীকাল নয়, হয়তো আগামী তিনমাসেও নয়, কিন্তু শিগগিরই।” 
 
১৪ জুলাই বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে একটি চুক্তি সই হয়। ওই চুক্তিতে ইরানের উপর আরোপিত সব ধরনের অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে পরমাণু প্রকল্প সঙ্কুচিত করতে সম্মত হয় ইরান। 

এই চুক্তিটি যেন যুক্তরাষ্ট্র কংগ্রেস সমর্থন করে তার জন্য চাপ সৃষ্টি করছে হোয়াইট হাউজ। সেই চাপ সৃষ্টির অংশ হিসাবেই এসব কথা বলেছেন ওবামা। 

পরমাণু প্রকল্পের আড়ালে ইরান বোমা তৈরির চেষ্টা করছে- পশ্চিমাদের এমন অভিযোগের জবাবে নিজেদের প্রকল্পকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে বরাবরই দাবি করে আসছে ইরান।