লিবিয়া উপকূলে নৌকাডুবি: নিখোঁজ শতাধিক
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে সাতশ'র বেশি অভিবাসী বোঝাই একটি নৌযান উল্টে গিয়ে বহু মানুষ নিখোঁজ হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, উল্টে যাওয়ার সময় মাছ ধরার ওই নৌকাটিতে ধারণ ক্ষমতার চাইতে বেশি আরোহী ছিল।
বুধবার লিবিয়া উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।
চারটি নৌকা ও তিনটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
আয়ারল্যান্ড নৌবাহিনীর পক্ষ থেকে বিবিসি’কে বলা হয়, তাদের একটি নৌকা উদ্ধার কাজে অংশ নিয়েছে। তাদের আশঙ্কা সেখানে 'বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে'।
অভিবাসীদের জন্য আন্তর্জাতিক সংস্থা ‘আইওএম’- এর মুখপাত্র বিবিসি’কে বলেন, এখন পর্যন্ত ১০০ অভিবাসীকে পানি থেকে তোলা হয়েছে।
মেডিসিনস সান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়, সেখানে বেশ কয়েকজন মারা গেছে। তবে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়া হয়নি।
এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুই হাজারের বেশি অভিবাসী প্রাণ হারিয়েছে।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা যুদ্ধ ও অভাবের হাত থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌছানোর চেষ্টা করে।
