২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ায় দক্ষিণের সাবেক ফার্স্টলেডির ‘শান্তিসফর’

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা প্রশমনের আশা নিয়ে উত্তর কোরিয়ায় শান্তি সফরে গেছেন দক্ষিণ কোরিয়ার নোবেল পুরস্কার বিজয়ী সাবেক প্রেসিডেন্ট প্রয়াত কিম দায়ে-জং এর স্ত্রী লি হি-হো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 09:33 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

ব্যক্তিগত উদ্যোগে এ সফর করছেন হি-হো। ফলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি দেখা করতে পারবেন কিনা তা স্পষ্ট নয়।

২০০০ সালে আন্তকোরিয়া পুনরেকত্রীকরণ আলোচনার উদ্যোগ নেন দায়ে-জং। এজন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। ২০০৯ সালে মারা যান তিনি। 

উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং-উনের বাবা কিম জং-ইলের সঙ্গে দায়ে-জং এর সুসম্পর্কের কারণে তাদের আমলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অনেক উষ্ণ ছিল।

অতীতের সেই অবস্থা আর নেই। বরং দুই কোরিয়া এখন মুখোমুখি। উত্তর কোরিয়া প্রায়শই দক্ষিণ কোরিয়াকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকে।

ইয়নহাপ বার্তা সংস্থার খবরে বলা হয়, ‌'কিম দায়ে-জং পিস সেন্টার' লি হি-হো'র উত্তর কোরিয়া সফরের আয়োজন করেছে।

সংস্থাটির কর্মকর্তা কিম সুং-জায়ে বলেন, "দুই কোরিয়ার মধ্যে ৭০ বছর ধরে চলা বৈরী সম্পর্কের কারণে যে বেদনা ও ক্ষতের সৃষ্টি হয়েছে তার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন হি-হো। দুই প্রতিবেশীর মধ্যে পুনর্মিলন ও সহযোগিতার সম্পর্কের উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।"

"তিনি চান তার এ সফর দুই কোরিয়ার মধ্যে আলোচনা, বিনিময় ও সহযোগিতার সম্পর্ক শুরুর প্রথম পদক্ষেপ হোক।"