২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত একাউন্টে গোপনীয় ইমেইল পাঠাইনি: হিলারি

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিজের ব্যক্তিগত ইমেইল একাউন্টের মাধ্যমে রাষ্ট্রীয় কোনো গোপন তথ্য পাঠাননি বা গ্রহণ করেননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Jul 2015, 01:01 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

শনিবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণাকালে দেওয়া ভাষণে এ কথা বলেছেন হিলারি। চলতি সপ্তাহে সরকারি এক তদন্তকারীর চিঠির প্রতিক্রিয়ায় এসব কথা বলেন হিলারি। 
 
তিনি বলেন, “ওই সময় গোপনীয় ছিল এমন কোনো কিছুই আমি পাঠাইনি বা গ্রহণ করিনি।”
 
এই ইমেইল বিতর্ক সত্বেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে অবিচল রয়েছেন হিলারি। এতে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন দৌঁড়ে এগিয়ে থাকা হিলারি রেকর্ড-রাখার আইন ও স্বচ্ছতাকে পাশ কাটানোর চেষ্টা করছেন বলে সমালোচকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। 
 
পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারির ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহার করা হয়েছে এমন অন্তত চারটি ইমেইলে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য আছে বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থাগুলোর তত্ত্বাবধায়ক মহাপরিদর্শক চার্লস ম্যাককুলোগ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসকে এ কথা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। 
 
তবে ওই চিঠিতে ইমেইলগুলোর কথা বলা হয়েছে কিনা সে সম্পর্কে তার কোনো ‘ধারণা’ নেই বলে জানিয়েছেন হিলারি। 
 
চিঠিতে ম্যাককুলোগ বলেছেন, হিলারির পাঠানো বা রিসিভ করা ৩০ হাজার ইমেইলের মধ্যে ৪০টি নমুনা পরীক্ষা করে চারটির মধ্যে সরকার নির্ধারিত গোপনীয় তথ্য পাওয়া গেছে। 
 
ইমেইলগুলো যখন পাঠানো হয়েছিল তখনও এই তথ্যগুলো গোপনীয় হিসেবেই চিহ্নিত ছিল বলে জানিয়েছেন ম্যাককুলোগ। 
 
সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহারের তথ্য ফাঁস হওয়ার পর থেকেই রাজনৈতিক বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন হিলারি। 
 
রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে হিলারি আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ করে আসছে বিরোধী রিপাবলিকানরা। 
 
২০১৬-র নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদের প্রার্থীতায় ডেমক্রেট দলীয় মনোনয়ন দৌঁড়ে এগিয়ে আছেন হিলারি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনকালে তিনি কোনো আইন ভাঙেননি বলে দাবি করে আসছেন তিনি।