বিদ্রুপই সত্যি হল!
চমকপ্রদ শিরোনামে বিশ্বের বহু পত্রিকাকে এতদিন বোকা বানিয়ে আসা স্যাটায়ার ম্যাগজিন ‘দি ওনিয়ন’ ঘটনাক্রমে এবার সত্যিই একটি ‘ব্রেকিং নিউজ’ প্রকাশ করেছে।
আর ওনিয়নের এই ‘সত্যি খবর’ নিয়ে ইন্টারনেটে চলছে তুমুল আলোচনা; ব্রিটেনের গার্ডিয়ান, ইনডিপেন্ডেন্ট, ভারতের হিন্দুস্থান টাইমসসহ বহু পত্রিকার সংবাদ শিরোনাম হয়েছে বিষয়টি।
গত ১৪ জুলাই ওনিয়ন তাদের ওয়েবসাইটে একটি বিদ্রুপ প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয়, ইরানের সঙ্গে চুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্ত করতে ব্যালিস্টিক মিসাইলের বড় একটি চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বানোয়াট একটি উক্তিও ওনিয়নের ‘প্রতিবেদনে’ দেওয়া হয়, যেখানে তিনি বলেন, “ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রকে কথা বলতে দেখলেই বিবি (নেতানিয়াহু) একটু ক্ষেপে ওঠেন। তবে কয়েক ডজন স্বল্প পাল্লার সারফেস-টু-সারফেস মিসাইল পেলেই তার দিল ঠাণ্ডা হয়ে যায়।”
২৪ ঘণ্টা পর দেখা গেল, ওনিয়নের ওই বিদ্রুপ সত্যি থেকে খুব একটা দূরে নয়।
১৫ জুলাই ইসরায়েলের প্রভাবশালী ইংরেজি দৈনিক হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়, দেশটির ‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে’ সত্যি সত্যি সহযোগিতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়, সামরিক সহযোগিতার প্রস্তাব নিয়ে ওবামা ও নেতানিয়াহুর টেলিফোনে কথা হয়েছে এবং এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের সরাসরি প্রস্তাব ইসরায়েলকে দিলেন।
এ প্রসঙ্গে যুক্তরাজ্যের গার্ডিয়ান লিখেছে, “তারপরও রঙ্গরস আর বাস্তবতার তফাত থাকে। হারেৎজ-এর প্রতিবেদন বলছে, নেতানিয়াহু ওই প্রস্তাবে সায় দেবেন না বলে জানিয়েছেন, কেননা তাতে প্রকারান্তরে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া হবে।”
অন্য অনেক পত্রিকার মতো হারেৎজও এই কাকতাল নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে। রসিকতার ঢঙে সেখানে লেখা হয়েছে- অন্য কিছু ভাবার সুযোগ নেই। ‘ভুয়া’ পত্রিকাই ‘আসল’ খবর দিল।
“কিন্তু এটাও বলতে হয়: ওনিয়ন যে দেশের জন্য সংবাদের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম, সে দেশের কপালে ভোগান্তি আছে।”
