২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘১০ বছর পর কোনো বিধিনিষেধ মানবে না ইরান’

১০ বছর পর পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি মেনে নেবে না ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jul 2015, 03:43 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ইরান পক্ষের জ্যেষ্ঠ পরমাণু আলোচক ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি। 
 
১০ বছর পর নিষেধাজ্ঞা ফের আরোপ করার উদ্যোগে পরমাণু চুক্তি ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি। 
 
এক সপ্তাহ আগে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় বিশ্বশক্তি ও ইরানের মধ্যে দেশটির পরমাণু প্রকল্প সীমিত করা নিয়ে ওই চুক্তিটি সই হয়। এতে ইরানের পরমাণু প্রকল্প সঙ্কুচিত করার বিনিময়ে দেশটির ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। 
 
সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওই পরমাণু চুক্তিটি অনুমোদন করে একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে আগামী ১০ বছরের মধ্যে চুক্তি লঙ্ঘণ করলে ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রাখা হয়েছে।
 
চুক্তির সবগুলো শর্ত যদি ইরান মেনে চলে, তাহলে ১০ বছরের মধ্যে দেশটির ওপর আরোপিত জাতিসংঘের সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।    
 
অপরদিকে, চলতি মাসের প্রথমদিকে পি৫+১ নামে পরিচিত ছয় বিশ্বশক্তি ও ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে বলেছিল, ১০ বছর পর তারা নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ওই সুযোগটি ব্যবহার করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরো পাঁচ বছর বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে।  
 
নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবের জের ধরেই সংবাদ সম্মেলনে কথা বলেন আরাকচি।
 
তিনি বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পরিষ্কারভাবে বলা আছে, চুক্তির সময়সীমা ১০ বছর এবং তারপর নিরাপত্তা পরিষদে ইরানের বিষয়টির অবসান ঘটবে।”
 
“যদি যুক্তরাষ্ট্র ও ছয় বিশ্বশক্তির অন্য কোনো সদস্য বলে যে ১০ বছর পর নিষেধাজ্ঞা ফের আরোপের জন্য নতুন একটি প্রস্তাব তুলবে তারা, তাহলে তা ভিয়েনা চুক্তি ভাঙার সামিল হবে এবং তাতে ওই চুক্তি গুরুত্বহীন হয়ে পড়বে,” বলেন তিনি। 
 
 
বিশ্বশক্তিগুলোর সন্দেহ, ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। অপরদিকে নিজেদের পরমাণু প্রকল্পকে সবসময়ই শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে ইরান।