ইউক্রেইনের স্বাধীনতা দিবসে ৩শ’ কোটি ডলারের সাহায্য ঘোষণা বাইডেনের
ইউক্রেইনের জন্য ৩০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের ছয়মাসে এটি ওয়াশিংটনের সবচেয়ে বড় সাহায্য।
রাশিয়ার আগ্রাসনের ছয়মাস পর ইউক্রেইনের স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সাহায্য প্যাকেজ উপহার দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার তিনি ইউক্রেইনের জন্য ৩০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
এ ঘোষণা দিয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, “যুক্তরাষ্ট্র ইউক্রেইনের জনগণকে সাহায্য করতে প্রতিশ্রুতিব্ধ। তারা তাদের সার্বভৌমত্ব বাঁচাতে লড়ছে।”
২৪ অগাস্ট, বুধবার ইউক্রেইন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পাওয়া স্বাধীনতা দিবস পালন করছে। এ সময়টিতে রাশিয়া ইউক্রেইনের রাজধানী কিইভের বেসামরিক অবকাঠামো এবং সরকারি ভবনগুলোর ওপর তীব্র হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।
সেই সতর্কবার্তার পর এবার ইউক্রেইনের স্বাধীনতার ৩১ বছর পূর্তির দিনেই দেশটির জন্য নতুন করে বিপুল অঙ্কের ওই সহায়তা ঘোষণা করলেন বাইডেন।
তিনি বলেন, প্রায় ২৯৮ কোটি ডলারের এই সহায়তার ফলে ইউক্রেইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কামান ব্যবস্থা, গোলাবারুদ, পাল্টা হামলার চালানোর ড্রোন ও রাডার কিনতে পারবে। এগুলো দিয়ে তারা দীর্ঘমেয়াদে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে।
যুক্তরাষ্ট্রে ২০২১ সালে বাইডেন ক্ষমতায় আসার পর এবার নিয়ে মোট ১ হাজার ৬০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা ইউক্রেইনকে দিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ২০১৪ সাল থেকেই ইউক্রেইনকে ১ হাজার ২৬০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।
এ সহায়তা রসদ ও অস্ত্র কেনাসহ যুদ্ধের তাৎক্ষণিক ব্যয় হিসেবে ব্যবহার করা যাবে। এটি প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি (পিডিএ) থেকে ভিন্ন।
পিডিএ-এর আওতায় বাইডেন মার্কিন সেনাবাহিনীর অস্ত্রের মজুদ থেকে ইউক্রেইনের জন্য অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর নির্দেশ দিতে সক্ষম। কিন্তু বাইডেন এবার যে প্যাকেজ ঘোষণা করেছেন তার আওতায় মজুদ থেকে নয় বরং শিল্পকারখানা থেকে অস্ত্র নিতে পারবে তার প্রশাসন।
গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেণ্টাগন সর্বশেষ পিডিএ-এর আওতায় ইউক্রেনের জন্য ৭৭ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছিল। এ প্যাকেজে ছিল বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, কামান, গোলাবারুদসহ মাইন অপসারণের যান।
বুধবার সহায়তা প্যাকেজ ঘোষণার বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেইনীয়দের প্রতিরোধের প্রশংসাও করেছেন।
তিনি বলেন, “ছয় মাসের অবিরাম হামলা তাদের দেশে এবং স্বাধীনতার এই দিবসে ইউক্রেইনীয়দের গর্বই কেবল আরও বাড়িয়েছে। আমরা আজ এবং প্রতিটি দিনই ইউক্রেনের জনগণের পাশে আছি।”
