চীনের শিনজিয়াং অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পটির উৎপত্তি চীন ও কিরগিজস্তান সীমান্তের নিকটবর্তী আকি কাউন্টি এলাকায় এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল ৩টা ৪৪ মিনিটে স্বায়ত্তশাসিত অঞ্চলটির কিজিলসু কিরগিজ প্রিফেকচারের আকি কাউন্টিতে ৬ মাত্রার ভূমিকম্পটি হয়।
বার্তা সংস্থা সিনহুয়া সিইএনসির বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আকি কাউন্টি এলাকাটি চীন ও কিরগিজস্তান সীমান্তের নিকটবর্তী।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ কোনো হতাহত বা ভবন ধসের খবর পায়নি। বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও পরিবহন ব্যবস্থা আগের মতোই স্বাভাবিক আছে।
