২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইসরায়েল অধিকৃত জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬

জেরুজালেমের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহরতলীর রামোত জংশন এলাকায় ঘটনাটি ঘটেছে। পাল্টা গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছে।

ইসরায়েল অধিকৃত জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬
শহরতলীর রামোত জংশন এলাকায় বন্দুকধারীরা একটি বাসে উঠে গুলি শুরু করে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ইসরায়েল অধিকৃত জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে অন্তত ছয়জন নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম।  

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সোমবার জেরুজালেমের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহরতলীর রামোত জংশন এলাকায় ঘটনাটি ঘটেছে। পাল্টা গুলিতে দুই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তারা।  

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মেগান ডেভিড আদম গুলিবিদ্ধ চারজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করে। গুলিবিদ্ধ পঞ্চম জনের মৃত্যু হয় জেরুজালেমের শাআরে জেডেক হাসপাতালে আর এর কিছুক্ষণ পর হাদাসাহ মাউন্ট স্কোপাস হাসপাতালে ষষ্ঠজনকে মৃত ঘোর্ষণা করা হয়।  

ঘটনাস্থলে আক্রান্ত বাসটিকে ঘিরে আছে পুলিশ। ছবি: রয়টার্স

ঘটনাস্থলে আক্রান্ত বাসটিকে ঘিরে আছে পুলিশ

চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব এক নারী ও এক পুরুষ এবং ত্রিশোর্ধ্ব তিন পুরুষ রয়েছেন।  

ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন জানিয়েছে, বন্দুকধারীরা একটি বাসে উঠে গুলি শুরু করে, পরে এক সৈনিকের গুলিতে তারা নিহত হন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা আক্রমণকারীদের কর্মকাণ্ডের ‘প্রশংসা করি’, এটি গাজায় ইসরায়েলিদের সামরিক কার্যকলাপের ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’।