১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন নিয়ে চীনে ক্ষোভ, ক্ষমা চাইল ডেটল

ডেটল ব্যবহারের মাধ্যমে বিষাক্ত মানসিকতার পুরুষদের ব্যাকটেরিয়ার মতো নির্মূলের কথা বলে বিজ্ঞাপন প্রচারের পর চীনের সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 10:49 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

লিঙ্গবৈষম্য বিরোধী বার্তা দিতে গিয়ে উল্টো তীব্র তোপের মুখে পড়েছে বিখ্যাত ব্রিটিশ হাইজিন ব্র্যান্ড ডেটল। জীবাণুনাশক এই পণ্যের এক বিজ্ঞাপনে বিষাক্ত মানসিকতার পুরুষদের (টক্সিক পুরুষ) ব্যাকটেরিয়ার সঙ্গে তুলনা করায় চীনে ব্র্যান্ডটি বয়কটের ডাক উঠেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই বিজ্ঞাপনটি সরিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে কোম্পানিটি।

পাঁচ মিনিটের ওই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল ছোট একটি নাটকের আদলে। এর শুরুতে দেখা যায়, এক ব্যক্তি তার জীবনসঙ্গী হিসেবে এমন এক নারীকে খুঁজছেন যিনি সম্পূর্ণ ‘খাঁটি’ এবং ‘অন্য কোনো পুরুষের ছোঁয়া পাননি’। 

বিজ্ঞাপনের শেষ দিকে গল্পে একটি নাটকীয় মোড় আসে; ওই ব্যক্তির এমন নারীবিদ্বেষী আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে সম্পর্ক ভেঙে দেন তার নতুন প্রেমিকা। ঠিক তখনই ডেটলের জীবাণুনাশক পণ্যটি পর্দায় হাজির করে বলা হয়, “বিষাক্ত পুরুষরা আসলে ব্যাকটেরিয়ার মতোই ক্ষতিকর,” আর ডেটলই এর একমাত্র সমাধান।

বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পরই চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে। নেটিজেনদের একাংশের অভিযোগ, এই প্রচারণায় নারীদের স্রেফ বস্তু বা পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, “কী জঘন্য বিজ্ঞাপন! আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি।”

আরেকজন লিখেছেন, “একেবারে দায়িত্বজ্ঞানহীন কোম্পানি। এদের শীর্ষ কর্তারা কী করছেন? আমি আর কখনও ডেটল ব্যবহার করব না। বাজারে তো ব্র্যান্ডের অভাব নেই।”

ডেটলের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ:

তোপের মুখে পড়ার পর ডেটল কর্তৃপক্ষ বিজ্ঞাপনটি সরিয়ে নেয় এবং একটি বিবৃতিতে আনুষ্ঠানিক ক্ষমা চায়। 

কোম্পানিটির দাবি, সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক কুসংস্কারের সমালোচনা করতেই মূলত বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল। তবে পরে অনলাইনে এর কিছু খণ্ডিত অংশ ছড়িয়ে পড়ায় মূল বার্তাটি বিকৃত হয়ে গেছে।

বিবৃতিতে কোম্পানিটি জানায়, “আমরা স্বীকার করছি যে, এই বিজ্ঞাপন অনেক মানুষের, বিশেষ করে নারীদের অনুভূতিতে আঘাত করেছে। বিজ্ঞাপনের কনটেন্ট তৈরি ও তা পর্যালোচনার ক্ষেত্রে যে কোনও ধরনের গাফিলতির দায় আমরা মেনে নিচ্ছি।”

ডেটল ভবিষ্যতে কনটেন্ট যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াটি আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। 

বিবৃতিতে কোম্পানিটি বলেছে, পরিবারের ‘স্বাস্থ্য সুরক্ষা’র লক্ষ্য নিয়েই ডেটলের যাত্রা শুরু হয়েছিল। তবে তারা এখন ভালোভাবেই উপলব্ধি করতে পারছে যে, প্রকৃত সুরক্ষা প্রতিটি ব্যক্তির মর্যাদা রক্ষা এবং সমঅধিকার নিশ্চিত করার মধ্যেই নিহিত থাকে।

‘আই অন ডিজিটাল চায়না’ নিউজলেটারের প্রধান মানিয়া কোয়েটসে এই প্রচারকে সম্পূর্ণ ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, “পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা একটি ব্র্যান্ডের জন্য এটি চরম বিপর্যয়।

“পুরুষতান্ত্রিক মনোভাব ও বৈষম্যমূলক আচরণকে চ্যালেঞ্জ করা বিজ্ঞাপনটির উদ্দেশ্য থাকলেও, বার্তাটি এত বাজেভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে তা হিতে বিপরীত হয়েছে।”

ব্রিটিশ বহুজাতিক কোম্পানি রেকিট-এর মালিকানাধীন ডেটল চীনে এবারই প্রথম বিতর্কে জড়ায়নি। গত বছরও তাদের একটি বিজ্ঞাপনের ভাষা নিয়ে দেশটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। 

সেই বিজ্ঞাপনে লেখা ছিল, “বিয়ের ঠিক আগ মুহূর্তে মেয়েটিকে ‘ফেরত’ দেওয়া হয়েছে; নিশ্চয়ই সে পরিচ্ছন্ন ছিল না।”