Published : 24 May 2026, 05:19 PM
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি সম্পর্কিত একটি সম্ভাব্য প্রাথমিক সমঝোতা স্মারক আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষিত হতে পারে, এমন ইঙ্গিতের মধ্যেই এই পর্যায় থেকেও আলোচনা ভেস্তে যেতে পারে এমন সম্ভাবনার জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান।
ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন সরকারের যুদ্ধবাজি ও অপরাধমূলক কমাকাণ্ডের রেকর্ড এবং তাদের কাছ থেকে ও পাশাপাশি জায়নাবাদী শাসনের পক্ষ থেকে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের সম্ভাবনাকে বিবেচনায় রেখে, আলোচনা যে অবস্থায়ই থাকুক না কেন সবসময় পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছে।
সামরিক একটি সূত্র সম্প্রতি তাসনিমকে বলেছে, যদি আমেরিকানরা আবারও ভুল হিসাব করে আর ইরানের বিরুদ্ধে আগ্রাসন বা অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয় নেয় তাহলে তারা ইরানের ‘সংঘাতের তৃতীয় সংস্করণের’ মুখোমুখি হবে, যা কৌশল, রণনীতি, উদ্দেশ্য ও সরঞ্জামগত দিক থেকে পূর্ববর্তী দুটি যুদ্ধ থেকে আলাদা হবে।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে ‘আলোচনা প্রায় সম্পূর্ণ হয়েছে’ আর এর বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে। চুক্তিতে হরমুজ প্রণালি ফের খোলার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি।
কিন্তু রোববার ইরানি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, চুক্তিটি ইরানকে প্রণালিটি পরিচালনা করার অনুমোদন দেবে আর হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি ‘বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান ‘কাছাকাছি আসছিল’। তবে তিনি সতর্ক করে বলেন, এর মানে এই নয় যে প্রধান মতপার্থক্যগুলো নিয়ে সমঝোতায় পৌঁছানো গেছে। আমেরিকানরা ‘পরস্পরবিরোধী বিবৃতি’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আজকেই ঘোষণা আসতে পারে।
আরও পড়ুন:
ইরান যুদ্ধ নিয়ে সুখবর নেই শি-ট্রাম্প বৈঠকেও