২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে সন্তুষ্ট করতে ডনবাসের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখার প্রস্তাব ইউক্রেইনের

ডনবাস দখল নিয়ে রাশিয়ার দাবি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আনুকু্ল্য লাভ করতেই ইউক্রেইনের কর্মকর্তারা এমন প্রস্তাব করেছেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পকে সন্তুষ্ট করতে ডনবাসের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখার প্রস্তাব ইউক্রেইনের
ভলোদিমির জেলেনস্কি ও  ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 09:06 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সহায়তার জন্য তাকে সম্মান দেখিয়ে নিজেদের পক্ষে টানতে অভিনব এক উপায় বের করেছেন ইউক্রেইনের কর্মকর্তারা।

তারা প্রস্তাব দিয়েছেন, রাশিয়ার কাছে আকর্ষণীয় ইউক্রেইনের ডনবাস অঞ্চলের একাংশের নাম ট্রাম্পের নামানুসারে ‘ডনিল্যান্ড’ রাখা হোক।

'ডনবাস' ও ‘ডনাল্ড’ নামের সংমিশ্রণে এই নামটি প্রস্তাব করা হয়েছে বলে 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকাকে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।

সরকারি কোনও নথিতে এমন প্রস্তাব না এলেও শান্তি আলোচনায় ইউক্রেইনের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বার বারই ডনিল্যান্ড নিয়ে কথা বলেছে।

ডনবাস দখল নিয়ে রাশিয়ার দাবি মোকাবেলায় ট্রাম্পের আনুকু্ল্য লাভ করতেই এমন প্রস্তাব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত বছর আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প ডনবাস অঞ্চল রাশিয়াকে দিয়ে দেওয়ার ধারণাকে সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে ইউক্রেইন এই অঞ্চল রাশিয়াকে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

এবার ট্রাম্প যাতে ডনবাসের ভবিষ্যৎ নিয়ে ইউক্রেইনের পক্ষে মত দেন সে চেষ্টাতেই তাকে তুষ্ট করার চেষ্টা চলছে অভিনব ওই প্রস্তাব দিয়ে।

ট্রাম্প প্রায় সবকিছুতেই নিজের নাম দেখতে পছন্দ করেন-  সেটি ফেডারেল ভবন, অট্টালিকা, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা স্মারক মুদ্রা-যাই হোক না কেন।

সেদিকটি মাথায় রেখেই সম্ভবত প্রায় ৫০ মাইল দীর্ঘ ও ৪০ মাইল চওড়া ভূখণ্ডের নাম 'ডনিল্যান্ড' রাখার কথা বলা হয়েছে। প্রস্তাবিত এই এলাকাটি দনেৎস্কের উত্তর-পূর্বাংশ বরাবর অবস্থিত।

'দ্য নিউ ইয়র্ক টাইমস' এর প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত এই ‘ডনিল্যান্ড’-এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে একটি পতাকা এবং জাতীয় সঙ্গীতও তৈরি করা হয়েছে। সবুজ ও সোনালি রঙের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই অঞ্চলের বিশেষ ব্যানার।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবারই ট্রাম্পকে এমন একজন ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার ক্ষমতা রাখেন।

চলতি বছরের শুরুতে এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেছিলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করি, কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আপনাদের দেশের মানুষ তাকে ভোট দিয়েছে এবং আমি তাদের পছন্দকে শ্রদ্ধা করি। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করব।”

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার সঙ্গে জেলেনস্কির অম্ল-মধুর সম্পর্ক থাকলেও ইউক্রেইনের প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া রাশিয়ার আক্রমণ ঠেকিয়ে রাখা ইউক্রেইনের পক্ষে প্রায় অসম্ভব।

‘মোনাকো মডেল’ ও ডনিল্যান্ড:

নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ডনিল্যান্ড আলোচনার পাশাপাশি ইউক্রেইনের আলোচকরা ডনবাসের জন্য একটি ‘মোনাকো মডেল’ চুক্তিরও প্রস্তাব করেছেন। ভূমধ্যসাগরীয় ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোর আদলে এটি তৈরি করা হতে পারে।

প্রস্তাব অনুযায়ী, ডনিল্যান্ড হবে একটি আধা-স্বায়ত্তশাসিত ক্ষুদ্র রাষ্ট্র, যা একটি অফশোর অর্থনৈতিক অঞ্চল হিসেবে সুবিধা ভোগ করবে। যদিও এখন পর্যন্ত বিষয়টি কেবল আলোচনার টেবিল পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ডনবাস এবং ইউক্রেইনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা বর্তমানে থমকে আছে।