১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জর্ডানের আজরাক ঘাঁটিতে ইরানের ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টার এবং জর্ডানে আল-আজরাক বিমান ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভল্যুশনারি গার্ড।

জর্ডানের আজরাক ঘাঁটিতে ইরানের ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ছুটছে ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 11:19 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

নতুন করে যুদ্ধ শুরুর দ্বিতীয় দিনে কুয়েত, বাহরাইন এবং কাতারে হামলার পর এবার জর্ডানকে নিশানা করেছে ইরান।

দেশটির রেভল্যুশনারি গার্ড বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড ও কস্ট্রোল সেন্টার এবং জর্ডানে শত্রুপক্ষের আল-আজরাক বিমান ঘাঁটিতে ১০ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

রেভল্যুশনারি গার্ড এও বলেছে যে, “সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনী আবার আগ্রাসন চালালে আমাদের ভারি বোমা হামলা থেকে ওই অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদ রাখা যাবে না।”

জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার ইরান থেকে দেশের ভূখন্ডের দিকে আসা ৮ টি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে এবং ভূপাতিত করেছে।”

“ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বা অন্য কোনও ক্ষয়ক্ষতিও হয়নি।” জর্ডান কাউকেই তাদের আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না বলেও বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার বিকালে জর্ডনের রাজধানী আম্মানে বার বার সাইরেন বেজেছে। ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন করাতেই এই সাইরেন বাজানো হয় বলে জানান জর্ডানের সরকারি মুখপাত্র মোহাম্মদ আল মোমানি।

জর্ডান গত ১১ জুনের পর এই প্রথম ইরানের প্রজেক্টাইল ফেকানোর খবর জানাল। জুনের ওই সময়ে জর্ডানের সেনাবাহিনী ইরান থেকে আসা ২০ টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানিয়েছিল।

জর্ডানের আল আজরাকে দেশটির বিমান ঘাঁটি আছে, যেখান থেকে যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম এবং ফরাসি বাহিনী ইতোপূর্বে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে সামরিক তৎপরতা চালাত।

জর্ডান জোর দিয়ে বলে আসছে তাদের ভূখণ্ডে কোনও বিদেশি সামরিক ঘাঁটি নেই। তবে সহযোগিতা ও প্রশিক্ষণ বিষয়ক চুক্তির অধীনে জর্ডানের সামরিক ঘাঁটিগুলোতে সীমিত আকারে কয়েকটি দেশের বাহিনী মোতায়েন রয়েছে।