২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দুই ব্র্যান্ডের মসলা নিষিদ্ধ করল নেপাল

ভারতের এভারেস্ট ও এমডিএইচ মসলায় উচ্চমাত্রার ইথিলিন অক্সাইডের উপস্থিতির খবর পাওয়ার পর এ নিষেধাজ্ঞা দিয়েছে নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2024, 06:55 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ভারতের এভারেস্ট ও এমডিএইচ ব্র্যান্ডের মসলা আমদানি, ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করেছে নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ। 

ওই দুই ব্র্যান্ডের মসলায় উচ্চমাত্রার ইথিলিন অক্সাইডের উপস্থিতির খবর পাওয়ার পর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। 

ইথিলিন অক্সাইডের মাত্রা যাচাইয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে নেপাল কর্তৃপক্ষ। নেপালি এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে একথা নিশ্চিত করে জানিয়েছেন।

নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহারর্জন এএনআই-কে ফোনে বলেন, “নেপালে এভারেস্ট এবং এমডিএইচ ব্র্যান্ডের মসলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। মসলায় ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পাওয়ার খবর আসার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমদানির ওপর নিষেধাজ্ঞা এক সপ্তাহ আগেই জারি করা হয়েছিল। আর এখন আমরা বাজারে এর বিক্রিও নিষিদ্ধ করেছি।”

কৃষ্ণ মহারর্জন আরও বলেন, “এ দুটি ব্র্যান্ডের মসলায় রাসায়নিকের উপস্থিতি যাচাইয়ের পরীক্ষা চলছে। চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। হংকং ও সিঙ্গাপুর ইতোমধ্যে ব্র্যান্ড দুটি নিষিদ্ধ করেছে। তাদের পদক্ষেপের পর নেপাল মসলার ব্র্যান্ড দুটি নিষিদ্ধ করল।”

ভারত সরকার সংশ্লিষ্ট একটি সূত্র এএনআই-কে জানিয়েছে, বিভিন্ন দেশে ০ দশমিক ৭৩ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত ইথিলিন অক্সাইডের ব্যবহার অনুমোদিত। 

বিভিন্ন দেশের জন্য ইথিলিন অক্সাইডের ব্যবহারের একটি মান নির্ধারণ করা জরুরি। তাছাড়া, এ দেশগুলোতে নিষিদ্ধ হওয়া মসলার পরিমাণ ভারতের মোট মসলা রপ্তানির এক শতাংশেরও কম।

ভারতীয় মসলা বোর্ড ইতোমধ্যেই এ অঞ্চলে তাদের মসলা রপ্তানির নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। মসলা বোর্ড এরই মধ্যে টেকনো-সায়েন্টিফিক কমিটির সুপারিশ বাস্তবায়ন করেছে। 

গত এপ্রিলে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়ার কারণে হংকং ফুড সেফটি ওয়াচডগ ভারতীয় ব্র্যান্ড এমডিএইচ এবং এভারেস্টের চারটি মসলা নিষিদ্ধ করেছিল।

তাছাড়া, ব্র্যান্ড দুটির মসলায় ক্ষতিকর উপাদান পাওয়ার পর যুক্তরাষ্ট্রও প্রতিষ্ঠানটির পণ্য নজরদারির আওতায় এনেছে।