২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ইরানি গোষ্ঠীকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বিভিন্ন ইহুদি স্থাপনায় অগ্নিসংযোগ ও দফায় দফায় নাশকতামূলক হামলার অভিযোগে ইরানের রেভল্যুশনারি গার্ড এবং আরেকটি গোষ্ঠীকে নিষিদ্ধের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুই ইরানি গোষ্ঠীকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য
ইরানের আইআরজিসি সদস্যরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 07:05 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এবং ইরান-সমর্থিত আরেকটি ছায়া গোষ্ঠী ‘ইসলামিক মুভমেন্ট অব দ্য কম্প্যানিয়নস অব দ্য রাইট’কে (আইএমসিআর) নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।

বিবিসি লিখেছে, আইএমসিআর গোষ্ঠীটি ‘হ্যারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’ নামেও পরিচিত। বিভিন্ন ইহুদি স্থাপনায় অগ্নিসংযোগ এবং নাশকতামূলক হামলায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্য সরকার এ দুই গোষ্ঠীকে নিষিদ্ধ করার এই পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরকে ‘জাতীয় নিরাপত্তায় হুমকি’ হিসাবে গণ্য করা হবে।

আইআরজিসিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে নতুন সরকারি ক্ষমতা ব্যবহার করছেন মাহমুদ। এ আইনে ইরানি গোষ্ঠীগুলোকে যে কোনো ধরনের সমর্থন দেওয়া বেআইনি হবে এবং গোষ্ঠীগুলোর কাছ থেকে যে কোনো হুমকি মোকাবেলায় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নতুন ক্ষমতা পাবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে এক লিখিত বিবৃতিতে বলেন, আইআরজিসিকে যে কোনোভাবে সমর্থন দেওয়া এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে; এই শাস্তি হবে ১৪ বছরের জেল।

ইরানের আইআরজিসি আগে থেকেই ব্রিটিশ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর গঠিত এই এলিট সামরিক বাহিনীটি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার অনুগত হিসেবে কাজ করে।

ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যের ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্থানে অন্তত সাতটি হামলার নেপথ্যে নির্দেশনা দিয়েছিল এই আইআরজিসি।

যুক্তরাজ্য সরকার জানায়, ইরান-সংশ্লিষ্ট দ্বিতীয় আরেকটি গোষ্ঠী ‘ইসলামিক মুভমেন্ট অব কম্প্যানিয়ন্স অব দ্য রাইট’ ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় এবং ফারসি ভাষার গণমাধ্যমের ওপর চালানো সাতটি হামলার দায় স্বীকার করেছে।

এর মধ্যে গত ২৩ মার্চ গোল্ডার্স গ্রিনে ইহুদি-বিদ্বেষমূলক হামলায় ‘হাতজোলা’র চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে।

নতুন আইনের আওতায় রাশিয়ার গোয়েন্দা সংস্থা জিআরইউ-কেও তালিকাভুক্ত করেছে ব্রিটেন।

তবে এই নিষেধাজ্ঞা ও নতুন পদক্ষেপগুলো চূড়ান্তভাবে কার্যকর হওয়ার আগে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে।

এই নতুন ক্ষমতার ফলে পুলিশ ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর গুপ্তচরবৃত্তি, বিদেশি হস্তক্ষেপ, নাশকতা ও সরাসরি হামলা প্রতিরোধে বাড়তি আইনি সুবিধা পাবে।