ইরানের নারী ফুটবলারদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়াকে ট্রাম্পের আহ্বান
পাঁচ খেলোয়াড় অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের সুরক্ষায় রয়েছেন এবং সরকারের সহায়তা চেয়েছেন।
ইরানের জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের দেশে ফেরত পাঠিয়ে অস্ট্রেলিয়া ‘মারাত্মক মানবিক ভুল’ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ওই দলের সদস্যদের আশ্রয় দেওয়া হয়।
অস্ট্রেলিয়ায় আয়োজিত এশিয়ান কাপ টুর্নামেন্টে ইরানি দলের অভিযান শুরু হয়েছিল ঠিক সেই সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করে এবং তাতে ইসলামি প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
রোববার ফিলিপিন্সের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইরান।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, "ইরান জাতীয় নারী ফুটবল দলকে দেশে ফিরতে বাধ্য করে অস্ট্রেলিয়া একটি ভয়াবহ মানবিক ভুল করছে, সেখানে গেলে সম্ভবত তাদের মেরে ফেলা হবে। আপনারা যদি তাদের না নেন, তবে যুক্তরাষ্ট্র তাদের গ্রহণ করবে।"
ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাস তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার এসবিএস নিউজ জানিয়েছে, ইরানি নারী ফুটবল দলের পাঁচজন খেলোয়াড় দল থেকে ‘বিচ্ছিন্ন’ হয়ে বর্তমানে অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের সুরক্ষায় রয়েছেন এবং সরকারের কাছে সহায়তা চেয়েছেন।
সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক ওই নারী খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে ব্রিসবেনে গেছেন।
বিশ্ব ফুটবলের খেলোয়াড়দের ইউনিয়ন ‘ফিফপ্রো’ সোমবার জানিয়েছে, ইরানি দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। একটি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর তাদের নিয়ে দেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় ইরানি খেলোয়াড়দের নীরব থাকার সিদ্ধান্তকে ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের’ একজন ধারাভাষ্যকার ‘অসম্মানের চরম সীমা’ হিসেবে অভিহিত করেন।
পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গেয়েছিলেন এবং স্যালুট দিয়েছিলেন। এতে মানবাধিকার কর্মীদের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে, সরকারি কর্মকর্তাদের চাপে তাদের এটি করতে বাধ্য করা হয়েছে।
অস্ট্রেলিয়া ওই খেলোয়াড়দের রাজনৈতিক আশ্রয় দেবে কিনা, এমন প্রশ্নে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলথওয়েট বলেন, ‘গোপনীয়তার স্বার্থে’ সরকার কোনো ব্যক্তির বিশেষ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে পারে না।
