২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি যুবরাজের সম্মানে আয়োজিত ট্রাম্পের নৈশভোজে অতিথি ইলন মাস্ক

বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে একসময়ের ঘনিষ্ঠ মিত্র মাস্কের তিক্ত বিরোধের পর এবার দ্বিতীয়বারের মতো দুইজনকে প্রকাশ্যে দেখা গেল।

সৌদি যুবরাজের সম্মানে আয়োজিত ট্রাম্পের নৈশভোজে অতিথি ইলন মাস্ক
হোয়াইট হাউজের নৈশভোজে ইলন মাস্ক। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 07:44 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

হোয়াইট হাউজে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে যে নৈশভোজের আয়োজন করা হয় তাতে অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।

বছরের শুরুতে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মাস্কের তিক্ত বিরোধের পর এই দ্বিতীয়বারের মতো এক অনুষ্ঠানে দুইজনকে দেখা গেল। মঙ্গলবার ট্রাম্প আয়োজিত নৈশভোজে মাস্কের অতিথি হয়ে আসাটা তাই খানিকটা চমকই ছিল। অনেকের চোখে এটি ছিল ট্রাম্পের সঙ্গে নতুন করে ইলন মাস্কের সম্প্রীতির লক্ষণ।

গত নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন ইলন মাস্ক। এমনকি ট্রাম্প প্রশাসনের শুরুতে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টাও হয়েছিলেন তিনি।‘দ্য ডিপার্টমেন্ট অব গভমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই) পরিচালনারও দায়িত্ব পেয়েছিলেন মাস্ক।

কিন্তু পরবর্তীতে ট্রাম্পের ব্যয়বহুল কর ও বাজেট বিল নিয়ে দুইজনের মধ্যে বিরোধ বাধে। বিলটির সমালোচনা করে সামাজিক মাধ্যমে সরব হন মাস্ক। ট্রাম্পের প্রশাসন থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়া ছাড়াও নতুন রাজনৈতিক দল গড়ারও ঘোষণা দেন তিনি।

জবাবে মাস্কের প্রতিষ্ঠানের ফেডারেল সহায়তা বন্ধ করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকে দু’জনকে খুব কমই প্রকাশ্যে একসঙ্গে দেখা গেছে। 

ইলন মাস্ককে এর আগে সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থি রাজনৈতিক ব্যক্তিত্ব  চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছিল। এবার তাকে দেখা গেল হোয়াইট হাউজে আয়োজিত নৈশভোজে।

সেখানে আরও উপস্থিত ছিলেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং।

সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে আয়োজিত এই নৈশভোজ ওয়াশিংটনের কূটনৈতিক দৃশ্যপটও গুরুত্ব পেয়েছে—বিশেষ করে রিয়াদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং যুবরাজের আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠন প্রচেষ্টার প্রেক্ষাপটে।